মেয়েদের পর এবার ছেলেরাও এশিয়াডে উজ্জ্বল করল দেশের নাম।শনিবার জোড়া স্বর্ণপদক এল ভারতের ঝুলিতে। সকালেই ইরানের সঙ্গে হাড্ডাহাড্ডি ম্যাচে সোনা জিতেছিল ভারতীয় মহিলা দল। এবার পুরুষদের বিভাগেও চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। চলতি এশিয়ান গেমসে ছেলেদের কবাডি প্রতিযোগিতায় ৪০-৩৪ ব্যবধানে ইরানকে উড়িয়ে দেশের জন্য চতুর্থ স্বর্ণপদক এনে দিল ভারতীয় প্লেয়াররা। 

আরও পড়ুন: বঙ্গতনয়া তিলোত্তমার হাত ধরে পদক জিতল দেশ, ৪৪ বছর পর ম্যারাথনেও নজিরবিহীন সাফল্য

ভারতীয় মহিলা কবাডি খেলোয়াড়দের সোনা জয়ের পর থেকেই আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন ক্রীড়াপ্রেমীরা। অপেক্ষা ছিল ছেলেদের প্রতিযোগিতা শুরুর। প্রথমার্ধে ভারতের পারফরম্যান্স কিছুটা হতাশাজনক হলেও দুরন্ত কামব্যাক ভারতীয় খেলোয়াড়দের। ফাইনালে কঠিন প্রতিপক্ষ ইরান আগ্রাসী মেজাজে খেলা শুরু করেছিল। টক্কর দেয় ভারতও। এক পয়েন্টের জন্য প্রথমার্ধে পিছিয়ে পড়ার ব্যর্থতা ভুলে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নিজেদের সর্বস্ব উজাড় করে দেন নীল জার্সির কবাডি খেলোয়াড়রা। প্রথম থেকেই লিড নিয়ে ক্রমাগত ব্যবধান বাড়াতে থাকে। চাপের মুখে ভুল করে ইরান, সেই সুযোগের সঠিক ব্যবহার করে ভারত। প্রতিযোগিতা যখন শেষ হয় তখন স্কোরবোর্ড বলছে ৪০-৩৪ ব্যবধানে এশিয়ান গেমসে পুরুষদের কবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ভারতীয় দল।

চতুর্থ সোনা জয়ের ফলে পদক তালিকায় প্রথম দশের মধ্যে জায়গা করে নিল ভারত। কবাডির পাশাপাশি হকিতেও এসেছে দারুণ সাফল্য। আয়োজক জাপানকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে দিয়েছে হরমনপ্রীতেরা। পদক তালিকায় আরও উপরে ওঠার স্বপ্ন দেখছে দেশ।