বাংলার ডবল ইঞ্জিন সরকারের আমলে স্বাস্থ্য ক্ষেত্রে বড় পদক্ষেপ। এবার নিউটাউনে ২০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল আদানি আরোগ্য মন্দির (Adani Arogya Mandir) তৈরি হচ্ছে। ৫১ একর জমির উপর গড়ে উঠবে এই হাসপাতাল যার ভুমিপুজো ও শিলান্যাস অনুষ্ঠানে বৃহস্পতিবার নিউটাউন অ্যাকশন এরিয়া ২-তে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) এবং আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি (Gautam Adani)। অনুষ্ঠানমঞ্চ থেকে পূর্বতন সরকারের ভাতার রাজনীতিকে নিশানা করে বর্তমান সরকারের আমলে পশ্চিমবঙ্গের উন্নয়নের বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। জানিয়ে দিলেন, আদানি হাসপাতালে গরীবদের জন্য বিনামূল্যে ১০০০ শয্যা থাকছে যা নিঃসন্দেহে বাংলার স্বাস্থ্যক্ষেত্রের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের কোথাও গরিবদের জন্য এমন ব্যবস্থা নেই, দাবি মুখ্যমন্ত্রীর। 

মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই বাংলায় শিল্প বিনিয়োগ এবং কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করে চলেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। দিন কয়েক আগেই মুম্বই গিয়ে আম্বানিদের সঙ্গে বৈঠক করেছেন। এবার কলকাতায় আদানি গোষ্ঠীর (Adani Group) বিনিয়োগ। একান্ন একর জমির উপর প্রায় চার হাজার কোটি টাকা দিয়ে নিউটাউনে আদানি আরোগ্য মন্দির হাসপাতাল তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, শুধুমাত্র অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে হাসপাতাল পরিষেবা দেওয়ায়ই নয় এই স্বাস্থ্য প্রতিষ্ঠানে গবেষণার ব্যবস্থাও থাকবে। তিনি বলেন, “৫১ একর জমির উপর এই হাসপাতালে ৫০ শতাংশ বেড (১০০০ বেড) পাবেন গরিবরা। তা একেবারে বিনামূল্যে। একটা একটা বড় বিষয়। এটা গোটা ভারতে কোথাও নেই। এই ধরণের হাই স্ট্যান্টার্ড হাসপাতালে গরিবদের চিকিৎসা কোথাও হয় না। তাই বাংলার জন্য আজ একটা ঐতিহাসিক দিন। এটা একটা মাইলস্টোন। হাসপাতালকে কেন্দ্র করে নিউটাউনে স্বাস্থ্যনগরী তৈরি হবে।”  বাংলাকে পুনর্গঠনে ইচ্ছুক আদানি গোষ্ঠী। তারই অংশ হিসেবে আজকের এই শিলান্যাস অনুষ্ঠান। এদিন মঞ্চ থেকে পূর্বতন তৃণমূল সরকারকে আক্রমণ করে শুভেন্দু বলেন, আগের সরকার শুধু ভাতা আর তোষণেররাজনীতি করে দিয়েছে। কিন্তু বিজেপি সরকারের লক্ষ্য পশ্চিমবঙ্গের উন্নয়ন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আদানি গোষ্ঠীর সঙ্গে মহাকরনের সংস্কার এবং দুর্গাপূজা নিয়ে দুটি মউ স্বাক্ষরিত হয়েছে। আগের সরকার তাজপুরের বন্দর থেকে শুরু করে যে কোন শিল্প উন্নয়নের কাজ শুধু "করব" বলেছে। কিন্তু এই সরকার কাজ শুরু করে দিয়েছে। 

আরও পড়ুন: নিউটাউনে আদানি গ্রুপের ২০০০ বেডের হাসপাতালের শিলান্যাস মুখ্যমন্ত্রীর

এদিন হাসপাতালের ভূমিপুজো ও শিলান্যাস অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের জন্য বড় অংকের বিনিয়োগের অঙ্গীকার করেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান। তিনি জানান বিদ্যুৎ উৎপাদন ও বন্টন থেকে শুরু করে সিমেন্ট কারখানা, পণ্য পরিবহন, বন্দর তৈরি এবং হাইপার স্কেল ডেটা সেন্টারে বিনিয়োগ করা হবে। ২০৩৫ সালের মধ্যে এই রাজ্যে এক লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন গৌতম আদানি। তিনি আরও বলেন, ভারতের খুব কম রাজ্যেই পশ্চিমবঙ্গের মতো যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক সম্ভাবনার দারুণ মেলবন্ধন রয়েছে। এই রাজ্য একদিকে দেশের পূর্বাঞ্চলকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করে আবার বঙ্গোপসাগরের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়া ও বাইরের সমুদ্রপথে বাণিজ্যে যোগাযোগ তৈরির সুযোগ রয়েছে। এগুলো কাজে লাগিয়েই পশ্চিমবঙ্গের উন্নয়নে সামিল হতে চায় আদানি গোষ্ঠী। নিজের বক্তব্যে এদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উন্নয়নশীল পশ্চিমবঙ্গের প্রশংসা করতেও শোনা গিয়েছে গৌতমকে।