পালাবদলের বাংলায় শিল্প বিনিয়োগে বিশেষ নজর ডবল ইঞ্জিন সরকারের। পুজোর আগেই একগুচ্ছ শিল্প সম্ভাবনা এবং বিনিয়োগ কর্মসংস্থান সংক্রান্ত সুখবরের ইঙ্গিত দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সেই মতোই বৃহস্পতিবার নিউটাউনের অ্যাকশন এরিয়া ২-তে আদানি গোষ্ঠীর প্রস্তাবিত আদানি আরোগ্য মন্দির হাসপাতালের শিলান্যাস করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। উপস্থিত ছিলেন শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani), করণ আদানি, রাজ্যের মুখ্য সচিব মনোজ আগারওয়ালরা। জানা গিয়েছে এই হাসপাতালে ২০০০ শয্যা থাকবে। এক হাজার সজ্জা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের বিনামূল্যে চিকিৎসার জন্য রাখা হবে। খরচ প্রায় আড়াই হাজার কোটি টাকা। রাজ্যে বড় বিনিয়োগের পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামো এই প্রকল্প গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে রাজ্য সরকার।

এদিন সকালে সস্ত্রীক কালীঘাট মন্দিরের পূজো দেন আদানি। আরতি সেরে মন্দির থেকে বেরিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লেখেন, 'বাংলার মানুষের শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনা করলাম। আগামির জন্য চাইলাম আশীর্বাদ।'এরপর বেলা ১১:৩০ মিনিট নাগাদ নিউটাউনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। যোগ দেন আদানি আরোগ্য মন্দির হাসপাতালের ভূমিপুজো অনুষ্ঠানে। এরপর এই প্রজেক্টের শিলান্যাসও করেন।

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভুয়সী প্রশংসা করে গৌতম আদানি বলেন, 'পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে থাকা গর্বের ব্যাপার। বর্তমান সরকারের আমলে বাংলায় বড় সুযোগ অপেক্ষা করছে। মুখ্যমন্ত্রী নেতৃত্বে পশ্চিমবঙ্গ উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে আর এবার সেখানে সামিল হল আদানি গ্রুপ। আদানি আরোগ্য মন্দিরে এক হাজার শয্যা আর্থিকভাবে দুর্বলদের জন্য বরাদ্দ থাকবে। চার হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে, অন্তত দশ হাজার কর্মসংস্থান তৈরি করবে নতুন হাসপাতাল।' আগামী ২০৩৫ এর মধ্যে এক লক্ষ কোটি টাকা বিনিয়োগের ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন গৌতম।

সকালের অনুষ্ঠানের পরে এদিন দুপুরে সৌজন্যতে মুখ্যমন্ত্রীর সঙ্গে গৌতম আদানির বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে রাজ্যে নতুন শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। নিঃসন্দেহে বিজেপি সরকারের শিল্পবান্ধব পশ্চিমবঙ্গ গড়ে তোলার প্রতিশ্রুতিতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আজ তাজবেঙ্গলে রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবেন আদানি। আলোচনা হতে পারে, রাইটার্স বিল্ডিং সংস্কার এবং কুমোরটুলি ঘাটের পুনর্নির্মাণ নিয়েও। বৃহস্পতিবার বিকেলে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের বার্ষিক অধিবেশনেও থাকবেন আদানি।