উত্তরপ্রদেশের (UP) গ্রেটার নয়ডায় মর্মান্তিক ঘটনা। বুধবার রাতে যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় জেওয়ারের নিকটবর্তী দয়ানটপুর গ্রামের কাছে যাত্রীবাহী বাসে আগুন (Bus catches fire in Greater Noida)। মৃত অন্তত ৯, আহত বহু। হতাহতের সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধারকাজ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩৫ জন যাত্রীকে নিয়ে নয়ডা থেকে মাহোবার দিকে যাচ্ছিল ওই এসি বাসটি। অগ্নিকাণ্ডের সময় অনেক যাত্রী ঘুমিয়েছিলেন তাই আগুন লাগার বিষয়টি বুঝতে কিছুটা সময় লেগে যায়। এরপরেই বাসের কাচের জানলা ভেঙে বাইরে ঝাঁপ দেন যাত্রীদের অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং দমকল। উদ্ধারকাজ শুরু হয়। ভিতরে কোনও যাত্রী আটকে আছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। আদিত্যনাথ এই ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের চিকিৎসার ক্ষেত্রে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

কীভাবে চলন্ত বাসে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। দগ্ধ বাসটিকে এক্সপ্রেসওয়ের একধারে এনে রাখা হয়েছে। দমকলের তরফ থেকে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।