গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী, প্রশাসক হিসেবে নরেন্দ্র মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষে এ বছর বাংলার দুর্গাপুজোয় দেড় হাজারের বেশি বুক স্টল করে মোদির সাফল্যের খতিয়ান তুলে ধরতে বদ্ধপরিকর বিজেপি। নির্বাচনকে প্রহসনে পরিণত করার অভিযোগে মোদি - শাহদের বিরুদ্ধে যখন দেশ জুড়ে বিরোধিতা তীব্র হচ্ছে তখন পদ্ম-শাসিত বাংলায় জনসংযোগ বাড়াতে প্রতিটি বড় পুজো মণ্ডপের সামনেই ভারতীয় জনতা পার্টির বুক স্টল তৈরি হচ্ছে। 

আরও পড়ুন: শুভেন্দু বলছেন মিছিল করতে দেব না, তৃণমূল বলছে রাজাবাজারে থাকব

সাধারণত বিজেপির বুক স্টলে হিন্দুত্ব এবং জাতীয়তাবাদী ভাবধারা সম্পর্কিত বই দেখা যায়। সঙ্গে দলীয় আদর্শ প্রচার সংক্রান্ত নানা ধরনের পত্রিকাও থাকে। তবে এবার প্রশাসক মোদির সাফল্যের খতিয়ান তুলে ধরার দিকে জোর দিতে চাইছে বঙ্গ বিজেপি। থাকছে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, তাঁর রাজনৈতিক দর্শন এবং কাশ্মীরে তাঁর অবদান সম্পর্কিত বইও। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও সাফল্য নিয়ে তৈরি বিশেষ সংকলন বিনামূল্যে ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। 

বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর পাঁচ মাসে হল রাজ্যে বিজেপি সরকার এসেছে। চলতি বছর বিজেপির রাজ্য সহ-সভাপতি অমিতাভ রায় বুক স্টলের দায়িত্ব পেয়েছেন। তিনি জানিয়েছেন, পাঁচ মাসে রাজ্য সরকার কী কী উন্নয়নমূলক কাজ করেছে এগুলো সাধারণ মানুষের মধ্যে আরও বেশি করে প্রচার করা হবে স্টলগুলির মাধ্যমে।রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ইতিহাস, কর্মপদ্ধতি এবং তাত্ত্বিক বই যেমন থাকবে ঠিক সেভাবেই রাজনৈতিক দল হিসাবে বিজেপির উত্থানের ইতিহাস সংক্রান্ত বইও রাখা হবে।