বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) ‘হিন্দুত্ববাদী’ মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই তাঁকে তলব করল গরফা ও কসবা থানা (Garfa and Kasba Police Stations)। আগামী ১৩ ও ১৪ অক্টোবর তাঁকে হাজিরার নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি নিজের বাড়িতে হামলার অভিযোগ তুলে সমাজমাধ্যমে সরব হয়েছিলেন সিপিএম নেতা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে হামলার পিছনে হিন্দুত্ববাদী শক্তির হাত রয়েছে বলে দাবিও করেছিলেন তিনি। তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।

পূর্বালোক এলাকায় বিকাশরঞ্জনের বাড়িতে গত বৃহস্পতিবার হামলার অভিযোগ ওঠে। তাঁর দাবি, মোটরবাইকে চেপে আসা কয়েকজন যুবক বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে। ভেঙে যায় জানলার কাচ। হামলাকারীদের মুখ ঢাকা ছিল এবং বাইকের নম্বরপ্লেটও কালো কাপড়ে আড়াল করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। ঘটনাটিকে পরিকল্পিত হামলা বলেও দাবি করেন সিপিএম নেতা।

বিকাশরঞ্জনের অভিযোগের পর তাঁর ব্যবহৃত ‘হিন্দুত্ববাদী’ শব্দ নিয়ে আপত্তি জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, এই ধরনের মন্তব্যের মাধ্যমে গোটা হিন্দু সমাজকে অপমান করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতার করা সত্ত্বেও এ ধরনের প্রচার চালানো হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। ফলে বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া ঘটনা রাজনৈতিক বিতর্কের রূপ নেয়। এই আবহেই গরফা ও কসবা থানার তরফে বিকাশরঞ্জনকে হাজিরার নোটিশ পাঠানো হয়েছে।