পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত কাণ্ড কাঁকসার (Kanksa) রাজবাঁধে। বচসার জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপ মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূকে দুর্গাপুর (Durgapur) মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী স্বরূপ হালদার এবং তাঁকে মদত দেওয়ার অভিযোগে বাপি হালদার নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কাঁকসা থানার পুলিশ (Kanksa Police Station)।

আরও পড়ুন: সেনা অফিসারের পরিচয়ে প্রতারণা, নবগ্রামে ধৃত ভুয়ো কর্নেল

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে রাজবাঁধের কলেজ পাড়া এলাকায় স্বরূপ হালদারের সঙ্গে তাঁর স্ত্রীর বচসা শুরু হয়। পারিবারিক অশান্তি ক্রমশ বাড়তে থাকলে উত্তেজিত হয়ে স্ত্রীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে স্বরূপের বিরুদ্ধে। গৃহবধূর শরীরের একাধিক জায়গায় কোপ মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আক্রান্ত গৃহবধূর পরিবারের তরফে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর স্বরূপ হালদার ও বাপি হালদারকে গ্রেফতার করা হয়। ধৃত দু’জনেরই বাড়ি রাজবাঁধের কলেজ পাড়া এলাকায়। সোমবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। কী কারণে এই হামলার ঘটনা ঘটল, তার নেপথ্যে অন্য কোনও বিবাদ রয়েছে কি না এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।