সীমান্ত পারাপারের মামলায় ধৃত ফরাসি নাগরিক রকি ফ্রান্সিস ডি’কোস্তার (French national Rocky Francis D’Costa) জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় (দাস) (Justice Chaitali Chatterjee) এই নির্দেশ দিয়েছেন। মামলার শুনানিতে অভিযুক্তের পরিচয়পত্রের পাশাপাশি তাঁর মায়ের চিকিৎসার বিষয়টিও গুরুত্ব পায়। আদালতের কাছে পেশ করা রিপোর্টে মায়ের চিকিৎসা সংক্রান্ত নথির সত্যতা নিশ্চিত হওয়ায় সেই তথ্যও বিবেচনায় আসে।

আরও পড়ুন: জেন জি কে ভয়? যন্তর-মন্তরে আন্দোলনে নিষেধাজ্ঞা জারি স্বরাষ্ট্রমন্ত্রকের, পরিবর্তে দিল ৩ জায়গা

ডি’কোস্তার বিরুদ্ধে অভিযোগ, প্রয়োজনীয় বৈধ নথি ছাড়া তিনি ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছিলেন। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫-এর ২১ নম্বর ধারা এবং পাসপোর্ট অ্যাক্ট, ১৯৬৭-এর ১২ নম্বর ধারায় মামলা করা হয়। অন্যদিকে, অভিযুক্তের কাছে ফ্রান্সের বৈধ পাসপোর্ট এবং ফরাসি সরকারের জারি করা শরণার্থী সংক্রান্ত নথি রয়েছে। তাঁর বিরুদ্ধে অতীতে কোনও অপরাধের রেকর্ডও নেই।

আরও পড়ুন: শিল্পায়ন-বিনিয়োগ-কর্মসংস্থানে জোর: নিউটাউন থেকে বাংলার অগ্রগতির রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

আদালতে জানানো হয়, ডি’কোস্তার মা ২০২২ সাল থেকে ভারতে চিকিৎসা করাচ্ছেন। এ বিষয়ে অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হাসপাতালের নথিপত্র পরীক্ষা করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সেই রিপোর্টে চিকিৎসার কাগজপত্র আসল বলে উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্ত ইতিমধ্যেই শেষ হয়েছে এবং চার্জশিটও জমা পড়েছে। এই পরিস্থিতিতে অভিযুক্তকে হেফাজতে রেখে আর জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে মনে করেছে আদালত। সেই যুক্তিতেই জামিনের আবেদন গ্রহণ করা হয়।