কলকাতা হাইকোর্ট-সহ রাজ্যের সব জেলা আদালতে সিগারেট, পান, গুটখা খাওয়া নিষিদ্ধ হতে চলেছে!ইতিমধ্যেই এই সংক্রান্ত প্রস্তাব জানিয়ে সব বিচারকদের চিঠি পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে (Ravindra V Ghuge)। সরকারি এলাকায় নেশার দ্রব্য গ্রহণ করা আইনবিরুদ্ধ, এবার সেই নিয়মকেই বাস্তবায়িত করতে উদ্যোগী হয়েছেন প্রধান বিচারপতি। যদিও আইনজীবীদের একাংশ আদালত চত্বরে আলাদা করে স্মোকিং জোন তৈরি করার প্রস্তাব দিয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: We want justice: ভোটচুরি রুখতে মানুষের হয়ে লড়াইয়ের বার্তা মমতার
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়েছেন শুধুমাত্র নেশাজাত দ্রব্য বর্জন করাই নয়, আদালত চত্বরে ঢোকার ক্ষেত্রেও বিশেষ প্রটোকল মানতে হবে। নিয়ম সবার জন্যই সমান আর আইন সকলের ঊর্ধ্বে। তাই কোর্টে প্রবেশ করতে গেলে প্রত্যেককে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে। পাশাপাশি নেশার দ্রব্য নিষিদ্ধ করার ক্ষেত্রেও জেলা আদালতগুলির মতামতে প্রাধান্য দিতে চান প্রধান বিচারপতি। বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশনদেরও এই নিয়ে আলোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।
পালাবদলের বাংলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম থেকেই নেশা মুক্তি রাজ্য গড়ার দিকে জোর দিয়েছেন। তিনি নিজে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিষিদ্ধ কফ সিরাপের বোতলে বুলডোজার চালিয়েছেন। রাজ্যের প্রশাসনিক প্রধান যে বার্তা দিয়েছেন এবার আদালত চত্বরেও সেই নিয়ম কার্যকরী হওয়ার পথে। তাই সিগারেট,পান, গুটখা নিষিদ্ধ করার ক্ষেত্রে জেলা আদালতের বিচারকদের চিঠি পাঠিয়ে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি।















