জলাশয় ভরাট করে পরিবেশ ক্ষতি করতে দেওয়া হবে না। সোমবার কুঁদঘাটে (Kudghat) ইটখোলা এলাকায় জলাশয় সংস্কার অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেইসঙ্গে দুইটি জলাশয়ের নামকরণও করেন তিনি। একটি জলাশয়ের নাম রাখা হয়েছে ‘শিব’, অন্যটির নামকরণ করা হয়েছে ‘শক্তি’ নামে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তাপস রায়, অগ্নিমিত্রা পাল, বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়, বিধায়ক পাপিয়া অধিকারী, পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই এবং পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে-সহ অন্যান্য আধিকারিকেরা।
আরও পড়ুন: "আমার ভাবনায় ছিল...", বিধ্বংসী ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন অভিষেক
জলাশয় পুনরুদ্ধারের গুরুত্ব তুলে ধরে এদিন শুভেন্দু বলেন, পরিবেশ রক্ষার ক্ষেত্রে ছোট ছোট উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে তাঁর অভিযোগ, জোকা-হরিদেবপুর থেকে বারাসত-মধ্যমগ্রাম পর্যন্ত কেএমডিএ এলাকার মধ্যে বিগত সরকারের আমলে প্রায় ৫ হাজার জলাশয় ভরাট করে পরিবেশের ক্ষতি করা হয়েছে। বর্তমানে বরো ১১-এর ১১৪ নম্বর ওয়ার্ডে ইটখোলা ১ ও ২ তে দুটি জলাশয় উদ্ধার করা হল। যা ঘিরে থাকবে সবুজ বেষ্টনী অর্থাৎ পার্ক। যেখানে বৃক্ষরোপন, মর্নিং ও ইভনিং ওয়াকারদের জন্য থাকবে হাঁটার বিশেষ রাস্তা তৈরি করা হবে। জলাশয়ে হবে মাছচাষ। তাই যে সমস্ত এলাকায় এখনও সংস্কারের প্রয়োজন রয়েছে, সেগুলিকে চিহ্নিত করে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, কুঁদঘাটের ইটখোলা এলাকায় দুটি জলাশয় পুনরুদ্ধারে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে কাজ করেছে। একটি প্রকল্পে খরচ হয়েছে ৫ কোটি ৮৯ লক্ষ ২৮ হাজার ৩২৯ টাকা। অন্য প্রকল্পে ব্যয় হয়েছে ৩ কোটি ৫৮ লক্ষ ৮৭ হাজার ৯৮৮ টাকা। সংশ্লিষ্ট প্রকল্পের মাধ্যমে জলাশয়গুলির পরিবেশগত পরিস্থিতির উন্নতি ঘটানো হয়েছে বলে দাবি করা হয়েছে। একসময় এলাকায় দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের সমস্যা থাকলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে জানানো হয়। তবে কাজ এখনও সম্পূর্ণ হয়নি। বাকি থাকা সংস্কারের কাজও ধাপে ধাপে করা হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
আগামীদিনে রাজ্য সরকার এবং পুরসভা যৌথভাবে নাগরিকদের নিরবচ্ছিন্ন পরিষেবা দেবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, পুর ও নগরোন্নয়ন দফতরের কাজের প্রশংসা করে সংশ্লিষ্ট মন্ত্রীকে নিজের মতো করে কাজ চালিয়ে যাওয়ার বার্তাও দেন। এদিনের অনুষ্ঠানে শিল্পায়নের প্রসঙ্গও উঠে আসে। আগামী ১৪ তারিখ হলদিয়া পেট্রোকেমিক্যালসের নতুন প্রকল্পের উদ্বোধনের কথা জানান শুভেন্দু।















