দেশজুড়ে উৎসবের মরশুমের শুরুতেই রেকর্ড রাজস্ব আদায়ের নজির গড়ল বাংলা। দেবীপক্ষের দ্বিতীয়া তিথিতে সমাজমাধ্যমে পোস্ট করে সুখবর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। জানিয়েছেন,নবরাত্রির শুরুতেই বীরভূমের (Birbhum) পাথর খাদানের ডিএসআর থেকে মোট ৩ কোটি ৪৪ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছে। একদিনের রাজস্ব আদায়ের নিরিখে এটিকে সর্বকালীন রেকর্ড বলে দাবি করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বীরভূম জেলা প্রশাসন ও ভূমি রাজস্ব দফতরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী।
চলতি অক্টোবর মাসের প্রথম ১১ দিনেই রাজস্ব আদায়ের পরিমাণ ৩২ কোটি ১৭ লক্ষ টাকা। সোমবার এই তথ্য তুলে ধরে ফেসবুকে পোস্ট করেছেন শুভেন্দু। দেবীপক্ষের দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিনীর চরণে প্রণাম জানিয়ে বীরভূমের রাজস্ব আদায়ের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী (CM) লেখেন, 'আজ বীরভূম জেলা প্রশাসনের একটি উল্লেখযোগ্য সাফল্য আপামর পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে ভাগ করে নিতে চাই। নবরাত্রির প্রথম দিনেই, পাথরের ডিসিআর থেকে সর্বমোট ৩ কোটি ৪৪ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছে, যা এক দিনে আদায়ের সর্বকালীন রেকর্ড।' উল্লেখ্য, গত বছর আগের সরকারের আমলে পুরো অক্টোবর মাসে এই খাতে আদায় হয়েছিল ৩ কোটি ২৮ লক্ষ টাকা।

মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে পাথর খাদান থেকে মাসে ১০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও পূরণ করা সম্ভব হবে। এই বিষয়ে রাজস্ব ফাঁকি রোধ এবং সরকারি কোষাগারের আয় বৃদ্ধির ক্ষেত্রে জেলা প্রশাসন ও ভূমি দফতরের ভূমিকা উল্লেখযোগ্য। তাই পোস্টে বীরভূম জেলা প্রশাসন এবং ভূমি দফতরকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, স্বচ্ছ প্রশাসন এবং নিয়ম মেনে রাজস্ব আদায়ই সরকারের অঙ্গীকার।মুখ্যমন্ত্রী যে পোস্ট করেছেন সেখানে সরকারি রিপোর্ট তুলে ধরে ২০২৬ সালের ১ থেকে ১১ অক্টোবর পর্যন্ত বীরভূম জেলার রাজস্ব আদায়ের হিসাব প্রকাশ করা হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, ১ অক্টোবর ৩ হাজার ৫৫৭টি রসিদ থেকে ২ কোটি ৭২ লক্ষ ৫৮ হাজার ৬৬০ টাকা এবং ১০ অক্টোবর ৩ হাজার রসিদ থেকে ২ কোটি ৩০ লক্ষ ৬৫ হাজার ২০ টাকা আদায় হয়েছে বলে উল্লেখ রয়েছে। তবে সব থেকে বড় রেকর্ড হয়েছে ১১ অক্টোবরে। দেখা গিয়েছে, ৪৩৭৭ রসিদ থেকে প্রায় ৩ কোটি ৪৪ লক্ষ টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। সবশেষে 'জয় মা দুর্গা' লিখে একটি প্রণামের ইমোজিও পোস্ট করেছেন শুভেন্দু।















