কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ছাদে নমাজ পাঠ হয় কি না, তা নিয়ে এবার এক আইনজীবীকে মামলায় যুক্ত করার নির্দেশ দিল প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে (Chief Justice Ravindra V. Ghuge) ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের (Justice Om Narayan Rai) ডিভিশন বেঞ্চ। আগামী ১৪ ডিসেম্বর সংশ্লিষ্ট স্থানে কী ধরনের কার্যকলাপ চলে, তা আদালতকে জানাতে হবে আইনজীবী এজাজ আহমেদকে।

আরও পড়ুন: We want justice: ভোটচুরি রুখতে মানুষের হয়ে লড়াইয়ের বার্তা মমতার

হাই কোর্টের ছাদে নমাজ পাঠের বিষয়টি খতিয়ে দেখতে এর আগে রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট চেয়েছিল আদালত। সেই নির্দেশ মেনে জমা পড়া রিপোর্টে জানানো হয়েছে, ছাদে কোনও মসজিদ নেই। তবে সেখানে একটি ঘর রয়েছে, যেখানে কয়েকটি প্লাস্টিকের চেয়ার, টেবিল ও পাখা রাখা আছে।

রেজিস্ট্রার জেনারেলের রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ওই ঘরের চাবি রয়েছে ১২ নম্বর বারের এক আইনজীবী এজাজ হোসেনের কাছে। রিপোর্টের তথ্য সামনে আসার পরই বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ করে ডিভিশন বেঞ্চ। আইনজীবী এজাজ আহমেদকে মামলায় পক্ষভুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: সীমান্ত পারাপার মামলায় ফরাসি শরণার্থীকে জামিন কলকাতা হাই কোর্টের

আগামী ১৪ ডিসেম্বর মামলাটি ফের আদালতে উঠলে ওই ঘরে কী ধরনের কার্যকলাপ হয়, সে বিষয়ে এজাজ আহমেদের বক্তব্য জানতে চাইবে বেঞ্চ। হাই কোর্টের ছাদের ওই ঘরকে ঘিরে ওঠা প্রশ্নের প্রেক্ষিতে পরবর্তী শুনানিতে বিষয়টি আরও স্পষ্ট হতে পারে।