হুগলি থেকে নিজের বিধানসভা কেন্দ্র বেলেঘাটা- বারবার প্রাণঘাতী আক্রমণের শিকার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার এই মামলার শুনানিতে তীব্র ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। কুণালকে সবরকম পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তৃণমূল বিধায়কের নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতার পুলিশ কমিশনারকে নিদের্শ বিচারপতির। পাশাপশি ডিম ছোড়ার ঘটায় জনস্বার্থ মামলার সঙ্গে কুণাল ঘোষের অভিযোগও শোনা হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

প্রথমে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডিম-হামলা, দ্বিতীয়বার মমতার সভায় যোগ দিতে যাওয়ার পথে রাস্তা আটকে গাড়িতে ইট-রড নিয়ে হামলা-ভাঙচুর, আর তার পরের দিনই বেলেঘাটায় প্রাণঘাতী হামলা- রিভলবার উঁচিয়ে বাইক বাহিনী নিয়ে তাড়া করে অপহরণের চেষ্টা, গাড়ি ভাঙচুর- বারবার হামলার শিকার মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। এই নিয়ে অভিযোগ দায়ের করেন। আগে আদালতের নির্দেশে ওয়াই প্লাস নিরাপত্তা পেতেন কুণাল। কিন্তু রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই তাঁর সেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়।  
আরও পড়ুন: ক্যামাক স্ট্রিট বিলবোর্ড কাণ্ডে হাজিরা দিতে সময় চাইলেন অভিষেক

বেলেঘাটার হামলার পরে কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে নারকেলডাঙা থানায় আশ্রয় নেন কুণাল। অভিযোগ, প্রায় ১৫ থেকে ২০ জন দুষ্কৃতী অস্ত্র নিয়ে এই হামলা চালিয়েছিল। ঘটনায় প্রথমে নারকেলডাঙা থানায় জিরো এফআইআর (Zero FIR) রুজু করা হয়। পরবর্তী সময়ে সেই অভিযোগের ভিত্তিতে বেলেঘাটা থানা স্বতঃপ্রণোদিতভাবে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। নিরাপত্তা ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিধায়ক কুণাল। মামলার গুরুত্ব বিচার করে বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা দায়েরের অনুমতি দেন। 

এদিন মামলার শুনানিতে কুণাল ঘোষের আইনজীবী ছিলেন বিশ্বরূপ ভট্টাচার্য ও অয়ন চক্রবর্তী। বিচারপতি জানতে চান, পরপর দু’দিন ব্যক্তিগত নিরাপত্তা থাকার পরও কীভাবে ঘটল? কোর্টে কুণাল ঘোষের আইনজীবীর বক্তব্য, “একজন প্রাক্তন বিধায়ক অন্য দলে গেলেন। তারপর তিনি সশস্ত্র বাহিনী পাচ্ছেন। অথচ এক সময় Y ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হত। আজ বন্ধ করে দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “দু’জন নিরাপত্তা রক্ষী সমর্থ নয় থ্রেট সামলানোর জন্য। কোন জায়গায় যেতে গেলে হুমকি দেওয়া হচ্ছে। গাড়িতে হামলা হয়েছে।” কুণালর নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা পুলিশের কমিশনারকে সরাসরি নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

পাশাপাশি আদালত জানিয়েছে, কুণাল ঘোষের গাড়ি ভাঙচুর এবং বাইক বাহিনীর হামলার অভিযোগ সংক্রান্ত মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারাধীন 'ডিম হামলা' সংক্রান্ত জনস্বার্থ মামলার সঙ্গেই শুনানি হবে। বিচারপতি জানিয়েছেন, কুণাল ঘোষের অভিযোগ এবং গাড়ি ভাঙচুরের মামলাটি এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারাধীন আগের 'ডিম হামলা' সংক্রান্ত জনস্বার্থ মামলার সঙ্গেই তালিকাভুক্ত হয়ে শুনানি হবে।