মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে আজ সুপ্রিম কোর্ট অভিযান করতে চলেছে বিরোধী জোট I.N.D.I.A। সোমবার দুপুর ১টা থেকে মিছিল শুরু হওয়ার কথা। এই কর্মসূচির কারণে সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনের সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ ৬ মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে প্রশাসন। গত দশ অক্টোবর যন্তর মন্তর অভিযানের দিন প্রায় ৫০ টি মেট্রো স্টেশন বন্ধ রাখার ঘটনায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে স্পষ্ট নির্দেশ দেয় জনজীবন ব্যাহত হবে এমন পদক্ষেপ করা যাবে না। বিশেষ করে ট্রেন মেট্রো সচল রাখতে হবে। কিন্তু সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল্লির প্রাণকেন্দ্রের কাছাকাছি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একগুচ্ছ মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি রাজধানীতে বাড়ানো হয়েছে নিরাপত্তাও।
একজন জ্ঞানেশকে বাঁচাতে যেভাবে নিজেদের সর্বশক্তি প্রয়োগ করছে মোদি - শাহের সরকার তা নজিরবিহীন। সিজেপিকে আন্দোলনের অনুমতি দেওয়া হয়নি, ককরোচদের তিন শীর্ষনেতাকে প্লেন থেকে অনৈতিকভাবে আটক করা হয়, এসআইআর বিরোধী প্রতিবাদে আটক হন বিজেপি বিরোধী একাধিক নেতা। রাজধানীতে হচ্ছেটা কী? আজ ইন্ডিয়া জোটের ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে, কিন্তু প্রধান বিচারপতি সেই আবেদনের সাড়া দেননি। তবে তাতেও মিছিল কর্মসূচির বদল হচ্ছে না। সেই কারণেই সোমবার সকাল ছটা থেকে বিকেল চারটে পর্যন্ত প্যাটেল চক,জনপথ,রাজীব চক,মান্ডি হাউস,সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং বারাকাম্বা রোড মেট্রো স্টেশনের এন্ট্রি ও এক্সিট পথ বন্ধ করা হয়েছে।
রাজধানীর বুকে যেভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ধরপাকড় চলছে তার নিন্দায় সরব গোটা বিশ্ব। আটক হওয়ার তালিকায় বাদ পড়েননি আইনজীবী থেকে সাংবাদিকরা। হেনস্তার শিকার সাধারণ মানুষ। প্রতিবাদী পড়ুয়াদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে বা পুলিশের বাসে তোলার নানা ছবি ভিডিও ভাইরাল হয়েছে। দিল্লী পুলিশের কড়াকড়ির বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার সুপ্রিম পর্যবেক্ষণে বিচারপতি জানিয়েছেন, সব ব্যারিকেড অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং মেট্রো স্টেশন খোলা রাখতে হবে। এরপরও দেখা যায় নির্দেশ মানা হয়নি। আদালত অবমাননার দায়ে জবার তরফ করেছে শীর্ষ আদালত। তারপরও আজ ফের একই ছবি। ফলে একদিকে সুপ্রিম নির্দেশকে প্রশাসনের বুড়ো আঙুল দেখানো এবং বিরোধী জোটের প্রতিবাদ মিছিলের জেরে খুব স্বাভাবিকভাবেই আজ দিনভর রাজধানীতে রাজনৈতিক পারদ ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে।















