প্রেমের প্রস্তাবে সাড়া দেননি নার্স (Nurse)। সেইকারণে তাঁকে কর্মরত অবস্থাতেই যৌন হেনস্থা (Physically Assaulted) ও মারধরের অভিযোগ উঠল খোদ স্বাস্থ্য দফতরের এক আধিকারিকের বিরুদ্ধে। অভিযুক্ত গড়বেতার (Garbeta) বিএমওএইচ (BMOH) চিকিৎসক প্রবীর কুমার বাউড়ি। অভিযোগ, প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই নার্সকে হেনস্থা ও মারধর করেন তিনি। রবিবার রাতে তাঁকে গ্রেফতার (Arrest) করেছে গড়বেতা থানার পুলিশ (Garbeta Police Station)।
আরও পড়ুন: আলোর অভাবে নষ্ট ৬০ ওভার! গোলাপি বল নিতে অনীহা দলগুলির
স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার কয়েকটি প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে বিএমওএইচের দফতরে গিয়েছিলেন গড়বেতার একটি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত এক কমিউনিটি হেলথ অফিসার। অভিযোগ, নথি দেওয়ার সময় ওই নার্সকে প্রেমের প্রস্তাব দেন প্রবীর কুমার বাউড়ি। সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁকে যৌন হেনস্থা ও মারধর করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় গড়বেতায় চিকিৎসাও করান ওই নার্স। প্রথমে সামাজিক সম্মানহানির আশঙ্কায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি তিনি। পরে পরিবারের পরামর্শে রবিবার গড়বেতা থানায় অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গ্রেফতারি এড়াতে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত চিকিৎসক। এরপর একাধিক দল গঠন করে তল্লাশি শুরু করে গড়বেতা থানার পুলিশ। রবিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। এর আগেও একাধিকবার ওই নার্সকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ধৃত চিকিৎসকের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তাঁকে গড়বেতা আদালতে পেশ করা হবে বলে খবর। ঘটনায় বিভাগীয় তদন্তের আশ্বাস দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সারেঙ্গী। তাঁর দাবি, এর আগেও ওই চিকিৎসকের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। গোটা বিষয়টি খতিয়ে দেখে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।















