ভারতীয় ক্রিকেটে নয়া স্টার এখন অভিষেক শর্মা। টি২০ ক্রিকেটে মারকুটে ব্যাটিংই তাঁর সাফল্যের ইউএসপি। ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩০ বলে ৬৯ রানের ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। একের পর এক রেকর্ড গড়ছেন অভিষেক। যে দিন ছন্দে থাকছেন প্রতিপক্ষ বোলারদের শাসন করছেন। এমনকি বিপক্ষ দলের বোলারদের যাবতীয় পরিকল্পনা ভেস্তে দিচ্ছেন।
ইন্দোর ম্যাচ শেষে অভিষেক নিজেই জানালেন তাঁর সাফল্যের রসায়সন। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে অভিষেক বলেন, "ওয়েস্ট ইন্ডিজের বোলাররা আমাকে আটকানোর জন্য যে পরিকল্পনা করেছিলেন, তার মোকাবিলা করতেই নিজের ব্যাটিংয়ে কিছু বদল এনেছিলাম। আমি বলব না পুরোপুরি পরিকল্পনা করেই মাঠে নেমেছিলাম। আমার ভাবনায় ছিল ওরা আমাকে আটকানোর জন্য যে পরিকল্পনা করেছে তা ভেস্তে দিতে হবে। "
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩০ বলে ৬৯ রানের ইনিংস খেলেন অভিষেক । মাত্র ১৮ বলে অর্ধশতরান আসে তাঁর ব্যাট থেকে। সেই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ২০০০ রান করার রেকর্ড গড়েছেন অভিষেক। মাত্র ১০২৪ বলে ২০০০ রান করেছেন তিনি। এত দিন এই রেকর্ড ছিল সূর্যকুমার যাদবের। ১১৬৪ বলে ২০০০ রান করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব।
অভিষেকের সাফল্যের কারণ বিশ্লেষণ করেছেন প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক। এক সাক্ষাৎকারে কার্তিক বলেন, “অভিষেক দুর্দান্ত এক ওপেনার। ওর দক্ষতা রয়েছে। সব দিকে শট খেলতে পারে। পাশাপাশি এখন ও ধারাবাহিক ভাবে রান করছে। একই স্ট্রাইক রেটে এ ভাবে রান করা কঠিন। সেই কারণেই ও বাকিদের থেকে আলাদা। যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে ও আক্রমণ করার ক্ষমতা রাখে। এ রকম ওপেনার ভারতীয় ক্রিকেটে অনেক দিন আসেনি। ”















