জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে উত্তপ্ত রাজধানী দিল্লির রাজপথ। নেতা থেকে সাংবাদিক, সাংসদদের আটক নিয়ে সরব হয়েছেন বিশিষ্ট সমাজকর্মী তথা পরিবেশবিদ সোনম ওয়াংচুকও। এবার সেই তালিকায় যুক্ত হলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর ( Former cricketer Sanjay Manjrekar)।
রাজধানীতে আন্দোলনের তীব্রতা ক্রমশ বাড়ছে। রবিবার সকাল থেকে রাত রাজধানীতে ছাত্র যুবরা বুঝিয়ে দিলেন লড়াই হবে ইঞ্চিতে ইঞ্চিতে। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সঞ্জয় মঞ্জরেকর লেখেন, ‘শান্তিপূর্ণ আন্দোলন তো গণতান্ত্রিক প্রক্রিয়ার অঙ্গ। আমি যতদূর শুনেছিলাম ভারত একটি গণতান্ত্রিক দেশ।’ বিশাল দাদলানি থেকে প্রকাশ রাজ, ইউটিউবার ধ্রুব রাঠি এই আন্দোলনে সামিল হয়েছেন।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে শনিবার দিল্লিতে বিক্ষোভের ডাক দেয় সিজেপি। দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন এই আন্দোলনে যোগ দেয়। জমায়েত রুখতে একাধিক মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয় পাশাপাশি বহু ট্রেন বাতিল করে দেওয়া হয়।
আদালত অবমাননার মামলায় কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের। রবিবার ছুটির দিনে এই মামলার শুনানি হয় বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনার বেঞ্চে। আদালত নির্দেশ দিয়েছে, দিল্লির রাস্তায় থাকা সব ব্যারিকেড সরাতে হবে। বন্ধ করা যাবে না ইন্টারনেট পরিষেবা। রেল এবং মেট্রো পরিষেবা স্বাভাবিক করতে হবে। মঙ্গলবার ফের এই মামলার শুনানি।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর বাতিল এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার যন্তর মন্তরে বিক্ষোভের পরিকল্পনা করেছিল সিজেপি। এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল দলের নেতা অভিজিৎ দীপকের। কিন্তু দিল্লিতে পৌঁছনোর পরেই সিজেপির তিন নেতা দিপকে, রাঙ্কা এবং সৌরভকে প্লেনের ভিতর থেকেই আটক করে পুলিশ। রবিবার তারা ছাড়া পান। আন্দোলনকারীদের মুক্তি না দিলে ফের অনশনের হুশিয়ারি সোনম ওয়াংচুকের।
শনিবার দিনভর রাজধানীর রাজপথে আন্দোলন করেছে দেশের ছাত্র যুবরা। একদিনেই আন্দোলনের সমাপ্তি হচ্ছে না। আজও(রবিবার) পথে নামে সিজেপি এবং দেশের বাম ছাত্র যুব সংগঠনগুলি।















