যত দিন যাচ্ছে কলকাতার বাতাসের মান ততই অস্বাস্থ্যকর হয়ে উঠছে। দূষণের মাত্রা বাড়তে বাড়তে এমন এক জায়গায় পৌঁছেছে যে দিল্লিকে টপকে বিশ্বের ১২৬ দেশের মধ্যে শীর্ষস্থানে কলকাতা। উৎসবের মরশুমে এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই উদ্বেগ বেড়েছে।
আইকিউএয়ার (IQ Air) বাতাসের মান নিয়ে যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতে দেখা গিয়েছে রবিবার সকাল আটটা নাগাদ কলকাতার দূষণের মাত্রা ছিল সর্বাধিক।মানদন্ড অনুযায়ী বাতাসের মান শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তার স্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। সেখানে কলকাতার অবস্থান ১৮৭! এখনই এই অবস্থা। এরপর উৎসবের দিনে আতশবাজির রোশনাই রয়েছে। বাতাসে মিশবে বিষাক্ত ধোঁয়া। যেখানে বাতাসের মান একশোর মধ্যে থাকলে তাকে সহনশীল বলে বিবেচনা করা হয় সেখানে আগামী এক মাসের মধ্যে কলকাতার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে তা ভেবে রীতিমতো চিন্তায় পরিবেশ বিজ্ঞানীরা। বিশেষজ্ঞদের মনে করছেন, মহানগরীর এখন বাতাসের জন্য বড় বিপদ হল ধূলিকণা। শহর এবং সংলগ্ন এলাকায় নির্মাণ কাজের সংখ্যা বৃদ্ধির কারণেই যা অসম্ভব হারে বেড়ে গিয়েছে। বিশেষ করে গত এক মাসেই এই পরিমাণ মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
দেশের রাজধানীর বায়ু দূষণ নিয়ে সবসময় চিন্তা থাকে।সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা আইকিউএয়ার বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলির বাতাসের মান নিয়ে প্রকাশিত রিপোর্ট বলছে দিল্লি রয়েছে নবম স্থানে। ষষ্ঠ স্থান রয়েছে ঢাকা। কম দূষণের শহর হিসেবে পরিচিত সিঙ্গাপুর রবিবারের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। কলকাতাবাসী কথা মাথায় রেখে বিশেষজ্ঞরা বলছেন জনবহুল এলাকায় বা পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে মাস্ক ব্যবহার করা দরকার। কিছুটা হলেও বায়ু দূষণের খারাপ প্রভাব থেকে নিজেকে বাঁচানো যাবে।















