কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে আগামী ২৭ জানুয়ারি ২০২৭ পর্যন্ত কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। বৃহস্পতিবার শুনানিতে সাংসদের অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল আদালত (Calcutta High Court)। সম্প্রতি মহুয়াকে লক্ষ্য করে ডিম ছোড়া ও কালো পতাকা দেখানোর ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ পর্যবেক্ষণ করে মামলাটি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে স্থানান্তরিত করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।
মহুয়ার উপর ডিম হামলার ঘটনার পর তিনি একযোগে পুলিশ ও প্রশাসনকে নিশানা করেছিলেন। একজন সংসদের ওপর পুলিশের চোখের সামনে হামলা হওয়ার ঘটনার পরও যেভাবে উর্দিধারিরা নিষ্ক্রিয় থেকেছেন তার বিরুদ্ধে সরব হন মহুয়া। এরপরই তৃণমূল সাংসদদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের জেরে একাধিক মামলা দায়ের হয়। পাশাপাশি পয়লা সেপ্টেম্বর রাতে সোশ্যাল মিডিয়ায় পুলিশ আধিকারিকদের নিয়ে একটি পোস্ট করেছিলেন মহুয়া, যেখানে লিখেছিলেন উত্তরবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে বিশেষ সম্প্রদায়ের অফিসারদের ব্রাত্য করে রাখা হয়েছিল। এরপরই তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে মামলা দায়ের হয়।
বৃহস্পতিবার মহুয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানিতে বিচারপতি স্পষ্ট জানান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত আবেদনের শুনানি ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কৃষ্ণনগরের সাংসদদের পুলিশি নিরাপত্তা বজায় থাকবে । রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে তাঁকে সব ধরনের সুরক্ষা দিতে হবে। আগামী ১৩ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।
















