সোমবার থেকে আগামী তিনদিনের জন্য ব্যাংক ইউনিয়নগুলোর ধর্মঘটের আগে সাধারণ মানুষকে পরিষেবা দিতে আজ রবিবার দেশজুড়ে ১২ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও ২৮টি গ্রামীণ ব্যাঙ্ক সকাল থেকে খোলা রয়েছে। ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘটে জেরে পুজোর মুখে অচলাবস্থা তৈরির আশঙ্কায় এদিন প্রচুর মানুষের ভিড় দেখা গেছে বিভিন্ন ব্যাঙ্কে।

সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিং পরিষেবা সচল রেখে প্রতি শনি ও রবিবার ছুটির দাবিসহ পেনশন সংক্রান্ত বিভিন্ন পরিবর্তন এবং DA নিয়েও একাধিক দাবি দাওয়া নিয়ে আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ৩ দিনব্যাপী দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)। সরকারি তরফ থেকে আলোচনায় বসা হলেও বৈঠক সদর্থক হয়নি। এই পরিস্থিতিতে ধর্মঘট শুরুর আগের দিন আজ রবিবার রিজার্ভ ব্যাঙ্কের অফ ইন্ডিয়ার অনুমোদন অনুযায়ী রাষ্ট্র ও আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের বিভিন্ন শাখা অফিস,এটিএম যুক্ত শাখা, এবং কারেন্সি ডেস্ক চালু রাখা হয়েছে। সকাল থেকে মিলছে পরিষেবা। 

আজ কোন কোন ব্যাঙ্ক খোলা রয়েছে?
আরবিআইয়ের নির্দেশ মতো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক , ইন্ডিয়ান ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব এন্ড সিন্ধ ব্যাঙ্ক রবিবার খোলা রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক, থেকে শুরু করে বিহার গ্রামীণ ব্যাঙ্ক, গুজরাট গ্রামীণ ব্যাঙ্ক, হরিয়ানা গ্রামীণ ব্যাঙ্ক , মেঘালয়ের রুরাল ব্যাঙ্ক-সহ দেশের ২৮ টি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের শাখা চালু আছে। 

আসন্ন উৎসবের মরশুমে ব্যাঙ্ক ধর্মঘটের জেরে গ্রাহকদের আর্থিক লেনদেনে যাতে কোনও জটিলতা না হয় সেই কারণে আগামী সোম-মঙ্গল-বুধ ধর্মঘটের তিনদিন এসবিআই গ্রাহকদের জন্য এটিএম লেনদেনের সমস্ত চার্জ সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা নিজের ব্যাঙ্কের পাশাপাশি নির্দিষ্ট সীমা অতিক্রান্ত হয়ে গেলেও অতিরিক্ত লেনদেনে অন্য যেকোনও ব্যাঙ্কের থেকে ATM থেকে টাকা তুলতে গেলে কোনও চার্জ দিতে হবে না।