প্রশ্নের মুখে রাজ্যের ট্রাফিক ব্যবস্থা! ভোপালের ভিআইপি রোডে আসাদউদ্দিন ওয়াইসির কনভয় ঘিরে দুর্ঘটনা। একটি মোড়ে আচমকা কনভয়ের গাড়ি থেমে যাওয়ায় পিছনে থাকা একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ৪ থেকে ৫ জন বাইক আরোহী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে, ঠিক কী কারণে কনভয় আচমকা থেমে গিয়েছিল এবং কোন কোন গাড়ি দুর্ঘটনায় জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। আহতদের শারীরিক অবস্থার বিস্তারিত এখনও জানা যায়নি। অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বসন্ত কৌল এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, একটি মোড়ের কাছে কনভয়টি হঠাৎ থামার পর পেছনের কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কৌল বলেন, “পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজন বাইক আরোহী আহত হন এবং তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোন কোন গাড়ি এই ঘটনায় ক্ষতিগ্রস্থ এবং কী কারণে কনভয়টি হঠাৎ থেমে গিয়েছিল, তা নিয়ে পুলিশ তদন্ত করছে।