দুর্গাপুজোয় সিপিআইএমের (CPIM) বুক স্টল করার ক্ষেত্রে পুলিশের অনুমতি মিলছে না কেন, বুধবারের মধ্যে রাজ্যকে জবাব দিতে বলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এর আগে এই মামলায় দ্রুত শুনানির আবেদন প্রসঙ্গে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছিলেন এখনই সেটা সম্ভব নয়। বিকল্প হিসেবে বাম শিবিরের আইনজীবীকে তিনি পরামর্শ দেন যে চাইলে তাঁরা দুর্গাপুজোর পরিবর্তে কালীপুজোর সময় বুক স্টল করতে পারেন। এরপরই সিপিএমের আইনজীবী বলেন তিনি অন্য এজলাসে এই মামলা করতে চান। মঙ্গলবার শুনানির শুরু হতেই একদিনের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করল হাইকোর্ট।

আরও পড়ুন: পুজোর মুখে খারিজ সুজিতের জামিনের আর্জি

নদিয়া জেলার নৈহাটি ও বোঙ্গায় দুর্গাপুজো উপলক্ষে বুক স্টল করতে চেয়েছিল সিপিআইএম। কিন্তু পুলিশের সামনেই সনাতনী হিন্দুদের এক সংগঠন বামেদের অস্থায়ী বইয়ের দোকান নির্মাণে বাধা দেয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি আদালতে পৌঁছলে বিচারপতি ভট্টাচার্য বলেন, খাবারের দোকান নয়, বইয়ের স্টল দেওয়ার কথা হচ্ছে। তাহলে সেখানে বাধা দেওয়া হচ্ছে কেন? অবিলম্বে জবাব দিক রাজ্য। আবেদনকারীর আইনজীবী শামিম আহমেদ যুক্তি দেন যে, গত প্রায় ২৫ বছর ধরে তাঁরা পুজোর সময় বইয়ের দোকান খোলেন এবং এর জন্য আলাদা করে কোনও অনুমতির প্রয়োজন হয় না। কিন্তু এ বছর রাজ্য সরকার অনুমতি দেয়নি। তাই তাঁদের তরফ থেকে একটি অস্থায়ী বাঁশের কাঠামো তৈরি করা হয়। কিন্তু তাতেও বাধা দেয় ধর্মীয় এক সংগঠন। পুলিশও এ বিষয়ে কিছুই করছে না। এদিন আবেদনকারীর কথা শোনার পর রাজ্যের বক্তব্য জানতে চায় আদালত। জবাবে রাজ্যের পক্ষ থেকে সময় চাওয়া হয়। সেই কারণে আগামী ১৪ অক্টোবর অর্থাৎ বুধবার ফের শুনানির দিন ধার্য করা হয়েছে।।