বদলে যেতে চলেছে দেশের একাধিক রাজ্যের রাজ্যপাল, সোমবার রাতে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রপতি ভবন। জানা গিয়েছে ইতিমধ্যেই এই রাজ্যপাল বদলের প্রস্তাবে সিলমোহর দিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরোধিতা ও পদত্যাগের দাবিতে চলতে থাকা আন্দোলনের আবহে একাধিক রাজ্যের রাজ্যপাল বদল রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের সম্ভাবনা নিয়েও জল্পনা জোরালো হচ্ছে।
রাষ্ট্রপতি ভবন সূত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সিকিমের রাজ্যপাল ওমপ্রকাশ মাথুরকে কেরলের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। সিকিমের দায়িত্ব দেওয়া হচ্ছে দুষ্মন্ত গৌতমকে। কেরলের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর এবার তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে নিযুক্ত হতে চলেছেন। উত্তরাখণ্ডের রাজ্যপাল হচ্ছেন ধল সিংহ বিসেন। বিজেপি শাসিত ওড়িশায় ব্রজমোহন রাম নতুন রাজ্যপাল হচ্ছেন। কর্নাটকের রাজ্যপাল নিয়োগ করা হচ্ছে সুধা যাদবকে।
একদিকে যখন গোটা দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধনী ইস্যুতে বিজেপি বিরোধী আন্দোলন জোরদার হচ্ছে তখন রাজ্যপাল বদলের বিজ্ঞপ্তি কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের ভিত্তিপ্রস্তর স্থাপন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে। মোদি সরকার যতই ২০৪৭ সালের বিকশিত ভারতের স্বপ্নে দেশবাসীকে ভুলিয়ে রাখতে চান না কেন, আসলে যে ভোট কারচুপি সকলের কাছে ধরা পড়ে গিয়েছে তা বেশ বুঝেছেন প্রধানমন্ত্রী- স্বরাষ্ট্রমন্ত্রীরা। এই পরিস্থিতিতে যোগী রাজ্যের নির্বাচন কেন্দ্রীয় সরকারের আগামিতে ক্ষমতায় থাকার স্থায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। অনেকেই অনুমান করছেন বর্তমান পরিস্থিতির গুরুত্ব বুঝে রাজ্য ও জাতিগত সমীকরণের ভিত্তিতে নির্দিষ্ট জনপ্রতিনিধিদের মন্ত্রিসভায় নিয়ে আসার চেনা ছকের কথা ভাবতে পারে বিজেপি সরকার। যদিও কেন্দ্রের তরফে এই নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।















