২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসক নরেন্দ্র মোদি (Narendra Modi) যে যাত্রা শুরু করেছিলেন ২০২৬ সালে এসে তার রজত জয়ন্তী বর্ষ (২৫ বছর) পূর্ণ হল। সফল প্রশাসকের ভূমিকায় মোদি প্রশংসায় পঞ্চমুখ ভারতের রাজনৈতিক মহল থেকে বিশ্বের রাষ্ট্র নেতারা। সেই মাইল ফলক উদযাপনে সূচনা হল 'সেবা জ্যোতি যাত্রা'র। বুধবার সকালে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধনী উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করার পর মঞ্চ থেকে নেমে সামনের দর্শক আসনে বসে জায়ান্ট স্ক্রিনে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ সম্পূর্ণ শোনেন রাজ্যের প্রশাসনিক প্রধান। 

আরও পড়ুন: মহালয়ার মেগা অনুষ্ঠানের প্রস্তুতির জের, যান চলাচল বন্ধ রেড রোডে

পালাবদলের বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের সময় এসেছিলেন প্রধানমন্ত্রী। শুভেন্দু তাঁর বরাবরই প্রিয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এদিন বলেন,‘‘উনি নিজেকে প্রধানমন্ত্রী বলেন না। বলেন প্রধান সেবক। শুধু বলেন না, সেভাবেই নিজের কাজ করেন। আমাদের কাছে এক বড় অনুপ্রেরণা মোদিজি।” নেতাজি ইন্ডোরের এই অনুষ্ঠানে রাজ্যের প্রায় সব মন্ত্রী ও রাজ্য বিজেপির নেতারাও উপস্থিত ছিলেন। সেবা সংকল্প অভিযানে পশ্চিমবঙ্গের ভূমিকায় গর্বিত মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, একযোগে রাজ্যের সব জেলাতে সেবা জ্যোতি যাত্রা কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচির মধ্যে দিয়ে সকলকে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের সংকল্প গ্রহণ করার কথাও বলেন তিনি। সকলকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে নিজের কর্তব্য পালনে শপথ নিতেও দেখা যায় শুভেন্দুকে।