মহাত্মা গান্ধীকে নিয়ে যেসব প্রতিষ্ঠান কাজ করছে তাদের একটি জাতীয় স্তরের ডিরেক্টরি প্রকাশের উদ্যোগ নিয়েছে ' গান্ধী স্মৃতি ও দর্শন সমিতি।' নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । মহাত্মা গান্ধীর স্মৃতি ধরে রাখতে সংশ্লিষ্ট সংগঠনের তরফ থেকে ভাইস চেয়ারম্যান বিজয় গোয়েল বেলেঘাটার গান্ধী আশ্রমের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চেয়ে চিঠি পাঠান সেখানকার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh)। ২ অক্টোবর গান্ধী জন্মজয়ন্তীর (Mahatma Gandhi Birth Anniversary) সকালে পোস্ট করে বিধায়ক জানান, ইতিমধ্যেই এই সংক্রান্ত সব তথ্য দায়িত্বপ্রাপ্তদের জানিয়েছেন। পরের ধাপে এর ইতিহাস ও অতীত, বর্তমানের নানা ছবিও পাঠিয়ে দিয়েছেন।


জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার গান্ধীঘাট থেকে দিল্লির রাজঘাট সর্বত্রই তাঁকে শ্রদ্ধা ও সম্মান জানানো হচ্ছে। এদিন কুণাল ঘোষ সমাজমাধ্যমে লেখেন, বেলেঘাটার গান্ধীজির স্মৃতি বিজড়িত ভবন জাতীয় স্তরের গান্ধীজি সংক্রান্ত ডিরেক্টারিতে থাকবে। তাঁর তরফ থেকে যে যে তথ্য দেওয়া হয়েছে সেই সংক্রান্ত চিঠি ও নথিও প্রকাশ করেছেন তিনি।


















