আরজি কর-কাণ্ডে (RG Kar) শেষকৃত্য নিয়ে নতুন করে তদন্তে নেমে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) তীব্র ভর্ৎসনার মুখে রাজ্য পুলিশ (State Police)। আদালতের নজরদারিতে যখন মূল মামলার তদন্ত করছে সিবিআই, বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে, তখন একই ঘটনার শেষকৃত্য সংক্রান্ত অভিযোগে খড়দহ থানার পুলিশ কেন নতুন করে এফআইআর করে তদন্তে নামল। বৃহস্পতিবার সেই প্রশ্নেই রাজ্য পুলিশকে কার্যত কাঠগড়ায় দাঁড় করাল হাই কোর্ট। পুলিশের হাত থেকে তদন্তভার কেড়ে নিয়ে শেষকৃত্য সংক্রান্ত অভিযোগের তদন্তও সিবিআইয়ের (CBI) হাতে তুলে দিয়েছে আদালত।

শুনানিতে পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো কড়া বিচারপতি শম্পা সরকার (Justice Shampa Sarkar)। একের পর এক কড়া ছুড়ে দেন বিচারপতি। তাঁর প্রশ্ন, ‘‘সিবিআই তদন্ত করছে। আমরা নতুন করে সিট গঠন করালাম। নজরদারি করছে আদালত। পুলিশ কি সেটা জানে না? নতুন এফআইআর (FIR) কেন করা হল?’’ আরও এক ধাপ এগিয়ে বিচারপতি বলেন, ‘‘আমরা আগেই বলে দিয়েছিলাম কী ভাবে তদন্ত হবে। সব দিক খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলাম তদন্তকারী দলকে। আইন সম্পর্কে কি অজ্ঞ খড়দহ থানার পুলিশ? নাকি আদালতের সঙ্গে চালাকি করার জন্য এফআইআর করা হয়েছে?’’ সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হতে পারে বলেও জানায় আদালত।

রাজ্যে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari) নির্দেশে আরজি কর-কাণ্ডের শেষকৃত্য নিয়ে নতুন করে তদন্তে নামে খড়দহ থানার পুলিশ। অভিযোগ ছিল, নির্যাতিতার দেহ তড়িঘড়ি সৎকার করা হয়েছিল। সেই মামলায় পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ-সহ সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দে-কে গ্রেফতারও করা হয়। কিন্তু আদালতের নজরদারিতে যখন মূল মামলার তদন্ত করছে সিবিআই, তখন একই ঘটনার সূত্র ধরে রাজ্য পুলিশের এই পৃথক তদন্ত নিয়েই আপত্তি তুলল হাই কোর্ট।

আদালতের কড়া অবস্থানের জেরে শেষ পর্যন্ত রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার কেড়ে নেওয়া হল। শেষকৃত্য সংক্রান্ত অভিযোগও এবার সিবিআইয়ের তদন্তের আওতায়। একই সঙ্গে খড়দহ থানার পুলিশের নতুন এফআইআর ঘিরে বিচারপতির তীব্র প্রশ্নে অস্বস্তিতে রাজ্য পুলিশ। আদালতের নির্দেশিত তদন্তের পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন পৃথক ভাবে তদন্ত শুরু করা হল, সেই প্রশ্নের উত্তরই এখন গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি আদালত।