শহর কলকাতার বেলেঘাটায় আক্রান্ত হওয়ার প্রায় চারদিন পর অবশেষ কুণাল ঘোষের (MLA Kunal Ghosh)বয়ান রেকর্ড করতে চলেছে বেলেঘাটা থানা (Beliaghata Police Station)। বুধবার বিধানসভায় সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল বিধায়ক পুলিশের বিরুদ্ধে সরব হয়ে জানিয়েছিলেন, শ্রীরামপুর যাওয়ার পথে উত্তরপাড়ায় হামলার ঘটনায় সেখানকার থানা বয়ান রেকর্ড করলেও বেলেঘাটা থানা সেই পদক্ষেপ করেনি। অথচ কলকাতার ঘটনা ছিল আরও ভয়াবহ। প্রাণঘাতী হামলা হয়েছিল বলে অভিযোগ করেন কুণাল। অবশেষে নড়ে চড়ে বসেছে পুলিশ। বুধবার রাতেই সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে বেলেঘাটার বিধায়ক জানান পুলিশ যে এফআইআর দায়ের করেছে সেখানে ভারতীয় ন্যায় সংহিতার ১৪০ (১) ধারা যুক্ত করা হয়েছে, যা মূলত খুনের উদ্দেশ্যে কাউকে অপহরণ করার চেষ্টার মারাত্মক অভিযোগ হিসেবে দেখা হয়। বৃহস্পতিবার দুপুরে বেলেঘাটা থানার অফিসাররা নারকেলডাঙা থানায় (Narkeldanga Police Station) বিধায়কের বয়ান রেকর্ড করবেন বলে জানা গিয়েছে।
তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের নিরাপত্তা সংক্রান্ত মামলায় আগামী ১২ অক্টোবর শুনানির দিন নির্ধারণ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।বৃহস্পতিবার এই নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আদালতের উল্লেখ পর্বে মামলাটির জরুরি শুনানির জন্য উল্লেখ করেন তাঁর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য ও অয়ন চক্রবর্তী। তার প্রেক্ষিতেই পুজো শুরুর আগে আগামী ১২ অক্টোবর (সোমবার) মামলার শুনানি দিন ধার্য করেছে আদালত।
আরও পড়ুন: অনুব্রতর অভিযোগ নেই, ভাঙচুরের ঘটনায় রাতেই মুক্ত ৩ ধৃত!
বেলেঘাটা থানার এফআইআরের প্রসঙ্গে কুণাল লেখেন, দায়ের হওয়া এফ আই আর একাধিক ব্যক্তির নাম পরিষ্কারভাবে লেখা রয়েছে।অভিযুক্তদের মধ্যে অন্তত একজনের নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ের কথাও পুলিশ নথিতে উল্লেখ রয়েছে। রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে পুলিশকে নোটিশ পাঠানোর জন্য ধন্যবাদ জানিয়ে কুণালের দাবি, আগে দরকার গ্রেফতারি। সেই মতোই পদক্ষেপ করা উচিত প্রশাসনের বলেই মনে করছেন বিধায়ক।
বেলেঘাটায় আমার উপর হামলার ঘটনায় পুলিশ FIR করেছে। তাতে BNS 140(1) ধারা আছে। যেটি খুনের উদ্দেশে অপহরণের চেষ্টার ধারা। FIR-এ কয়েকটি নাম আছে। তাদের একজনের রাজনৈতিক পরিচয়ও লেখা আছে। থানার নোটিস পেয়েছি। পরের কর্তব্য করব। রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে পুলিশকে নোটিস পাঠানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। বাকি দেখা যাক। এখন আগে দরকার গ্রেপ্তার।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 30, 2026
















