বাঁকুড়ার সোনামুখীর (Sonamukhi, Bankura) দিকে যাওয়ার পথে বর্ধমান হাইওয়েতে (Bardhaman Highway) দুর্ঘটনার মুখে পড়লেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ (CPIM leader Shatarup Ghosh)। ডানকুনি টোল প্লাজা (Dankuni Toll Plaza) পেরিয়ে গিয়ে কিছুটা যাওয়ার পর তাঁর চলন্ত গাড়িটিকে পিছন থেকে ধাক্কা দেয় একটি পণ্যবাহী লরি। এতে গাড়িটির পিছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার সময় গাড়িতে শতরূপ ঘোষ-সহ চারজন ছিলেন। তবে কারোর বড় ধরনের চোট লাগেনি। 

ডানকুনি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। এবং পুলিশ লরিটিকে আটক করেছে।  কী কারণে দুর্ঘটনাটি ঘটল, লরিটির গতি কত ছিল এবং চালকের কোনও অসতর্কতা ছিল কি না, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

এর আগে ২০২৩ সালেও একই ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন শতরূপ ঘোষ। সে বার আলিপুর রোডে সিগন্যালে (Traffic signal on Alipore Road) দাঁড়িয়ে থাকা তাঁর গাড়িতে পিছন থেকে অন্য একটি গাড়ি ধাক্কা দিয়েছিল। সেই ঘটনায় গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও শতরূপ ঘোষ এবং তাঁর পরিবারের সদস্যরা নিরাপদ ছিলেন।