ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চায় না আদালত, 'খাম ' প্রতীক নিয়ে আইএসএফের (ISF) দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রাজ্যের দুই কেন্দ্র নন্দীগ্রাম এবং রেজিনগরে উপ নির্বাচনের আগে কমিশন অন্তর্বর্তী নির্দেশে 'খাম' প্রতীক দিয়েছে ঋতব্রতপন্থী ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসকে। অথচ এটি আইএসএফের প্রতীক। তাই নির্বাচন কমিশনের (ECI) নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নওশাদ সিদ্দিকি। মামলার পূর্ববর্তী শুনানিতে কমিশনকে যথেষ্ট ভর্ৎসনা করে আদালত। কিন্তু বুধবার সুনানিতে সম্পূর্ণ অন্য ছবি ধরা পরল। বিচারপতি কৃষ্ণ রাও স্পষ্টভাবে জানিয়ে দিলেন নির্বাচনী প্রক্রিয়ায় আদালত হস্তক্ষেপ করবে না ফলে আপাতত নতুন প্রতীক নিয়েই উপনির্বাচনে লড়াই করতে হবে আইএসএফকে।
২০২১ এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে 'খাম' প্রতীক নিয়ে লড়াই করেছিল নওশাদের দল। কিন্তু এবার কমিশন তাদের জন্য আলমারি প্রতীক বরাদ্দ করে। সাম্প্রতিক তুলে দেওয়া হয় গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে। গত একুশে সেপ্টেম্বর কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় হাইকোর্টে যায় আইএসএফ (ISF)। গত সোমবার মামলার শুনানিতে বিচারপতি কমিশনকে প্রশ্ন করেন এক দলের ব্যবহৃত প্রতীক অন্য দলকে দেবার কী প্রয়োজনীয়তা রয়েছে যেখানে বেশ কিছু ফ্রি সিম্বল কমিশনের হাতে আছে। পাশাপাশি ঋতব্রতদের দলের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিল আদালত। কমিশনের পক্ষে আইনজীবী জিষ্ণু চৌধুরী জানিয়েছিলেন ফ্রি সিম্বল কারো ব্যক্তিগত নয় এবং নির্বাচন সম্পন্ন হলে মুক্ত প্রতীকের মেয়াদ শেষ হয়। সোমবার শুনানি শেষ হলেও রায় দান স্থগিত রাখা হয়েছিল। কিন্তু এদিন আদালত জানিয়ে দিল ভোট প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় এই মুহূর্তে খাম প্রতীক নিয়ে দায়ের হওয়া মামলায় আদালত কোনও হস্তক্ষেপ করবে না। স্বভাবতই উপনির্বাচনের আগে নওশাদের দলের কাছে এটা অনেক বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।
















