গঙ্গা ভাঙনের প্রভাব পড়ল ট্রেন পরিষেবায়। বুধবার মালদহ ডিভিশনে গঙ্গার ভাঙনের জেরে রেললাইনে ধস নামায় সাহেবগঞ্জ-বারহারওয়া সেকশনে ট্রেন চলাচল ব্যাহত। বেলা যত গড়াতে থাকে ততই একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করা হয়। একাধিক ট্রেন ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। দুর্ভোগে যাত্রীরা। সাকরিগলি ও মহারাজপুর স্টেশনের মাঝের রেললাইনে ভাঙন দেখা দেওয়ায় ওই রুটে বন্ধ ট্রেন চলাচল। এখনও পর্যন্ত মোট ১২টি ট্রেন বাতিলের খবর মিলেছে।

আরও পড়ুন: জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করে তদন্ত হোক: জোরাল দাবিতে সরব শোভনদেব-কুণালরা

লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনগুলিতেও এই ঘটনার প্রভাব পড়েছে। বেশ কয়েকটি ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে।কাঠগোদাম থেকে হাওড়াগামী বাঘ এক্সপ্রেসও ঘুরপথে চলবে। রুট বদল হয়েছে গয়া-হাওড়া এবং বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেসেরও। বুধবার হাওড়া থেকে বাতিল সাহেবগঞ্জ এক্সপ্রেস। রেলের তরফ থেকে জানানো হয়েছে, গয়া-হাওড়া এক্সপ্রেস কিউল-ঝাঝা-আসানসোল হয়ে চলবে। যে জায়গায় ধস নেমেছে সেখানকার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। 

বাতিল ট্রেনের তালিকা-

  • • সাহেবগঞ্জ–মালদা টাউন MEMU (৬৩৪০১/৬৩৪০২)
  • • আজিমগঞ্জ–সাহেবগঞ্জ MEMU (৬৩৪২১/৬৩৪২২)
  • • সাহেবগঞ্জ–ভাগলপুর MEMU (৬৩৪১১/৬৩৪১২)
  • • বর্ধমান–সাহেবগঞ্জ MEMU (৬৩০৬৩/৬৩০৬৪)
  • • হাওড়া–সাহেবগঞ্জ এক্সপ্রেস (১৩৪২৭) সহ প্যাসেঞ্জার ট্রেন।

রুট পরিবর্তন করা হয়েছে -

  • • বালিয়া–শিয়ালদহ এক্সপ্রেস (১৩১০৬) এবং কাঠগোদাম–হাওড়া বাঘ এক্সপ্রেস।
  • • গয়া–হাওড়া এক্সপ্রেস (১৩০২৪) কিউল–ঝাঝা–আসানসোল হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
  • • ভাগলপুর–রাঁচি ভানাঞ্চল এক্সপ্রেস (১৩৪০৪) এবং জামালপুর–হাওড়া এক্সপ্রেস (১৩০৭২) ভাগলপুর–দুমকা–রামপুরহাট রুট দিয়ে পরিবর্তিত পথে চলছে।