পুজোর আগে শহরতলির ট্রেনযাত্রীদের জন্য স্বস্তির খবর। এসি লোকালে (AC Local) যাতায়াত আরও সহজ করতে একাধিক স্টেশনে পরীক্ষামূলক স্টপেজ বাড়াল পূর্ব রেল (Eastern Railway)। একই সঙ্গে আরও কয়েকটি স্টেশনে নতুন করে দাঁড়াবে এসি লোকাল। ফলে শিয়ালদহ (Sealdah) থেকে উত্তর ২৪ পরগনা ও নদিয়ার বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী যাত্রীদের সুবিধা বাড়তে চলেছে।
আরও পড়ুন: এনকাউন্টারের ভয়, মনোনয়ন তুলতে পুলিশের চাপ ! জেলমুক্তির পরে বিস্ফোরক মিলন
শিয়ালদহ- রানাঘাট (Ranaghat) এসি লোকাল এতদিন হালিশহর ও শিমুরালিতে পরীক্ষামূলকভাবে দাঁড়াচ্ছিল। সেই পরিষেবা আপাতত বন্ধ হচ্ছে না। রেলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই দুই স্টেশনে স্টপেজ বহাল থাকবে। একই সঙ্গে ইছাপুরেও অতিরিক্ত স্টপেজের পরীক্ষামূলক মেয়াদ বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: গয়ায় ফের হেনস্থার অভিযোগ, একের পর এক ঘটনায় কাঠগড়ায় বিহারের আইনশৃঙ্খলা
রেলের সময়সূচি অনুযায়ী, সন্ধ্যার আপ এসি লোকালটি ইছাপুরে পৌঁছবে ৭টা ৩২ মিনিটে। এরপর ৭টা ৫৪ মিনিটে হালিশহর এবং ৮টা ১২ মিনিটে শিমুরালিতে দাঁড়াবে ট্রেন। পরদিন সকালে রানাঘাটমুখী ফিরতি যাত্রায় শিমুরালিতে ৮টা ৪৫ মিনিট, হালিশহরে ৯টা ২ মিনিট এবং ইছাপুরে ৯টা ২৩ মিনিটে স্টপেজ থাকবে।
তবে এখানেই শেষ নয়। শিয়ালদহ- বনগাঁ- রানাঘাট রুটের এসি লোকাল নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রেল। আগামী ১ অক্টোবর থেকে এই ট্রেনে বামনগাছি এবং গোপালনগরে নতুন স্টপেজ চালু হচ্ছে। অর্থাৎ পুজোর মরসুমে এই দুই এলাকার যাত্রীদের কাছেও এসি লোকালে যাতায়াতের সুবিধে পৌঁছে যাবে।
নতুন সূচি অনুযায়ী, শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে ছেড়ে ট্রেনটি বামনগাছিতে পৌঁছবে ৭টা ২ মিনিটে। গোপালনগরে পৌঁছবে রাত ৮টা ১৯ মিনিটে এবং রানাঘাটে ৮টা ৪৩ মিনিটে। পরদিন সকালে রানাঘাট থেকে শিয়ালদহ ফেরার সময় গোপালনগরে ৭টা ৩৪ মিনিট এবং বামনগাছিতে ৮টা ৪৩ মিনিটে দাঁড়াবে ট্রেন। সকাল ৯টা ৩৮ মিনিটে শিয়ালদহে পৌঁছবে সেটি।
রেলের এই সিদ্ধান্তের পিছনে মূল লক্ষ্য, শহরতলির আরও বেশি যাত্রীকে এসি লোকাল পরিষেবার আওতায় আনা। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনার কথায়, অতিরিক্ত স্টপেজের মাধ্যমে প্রতিদিনের যাতায়াতে যাত্রীদের সুবিধা বাড়ানোই রেলের উদ্দেশ্য।
















