দিল্লি হিংসা মামলায় আবারও উমর খালিদ (Umar Khalid) এবং শাজির্ল ইমামের (Sharjeel Imam) জামিনের আর্জি খারিজ করল দিল্লি হাই কোর্ট (Delhi High Court)। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার উমরের জামিনের আর্জি খারিজ হল।

আরও পড়ুন: চাপে কমিশন, ফর্ম ৬ থেকে সরল অতিরিক্ত ঘোষণাপত্র

২১ সেপ্টেম্বর বিচারপতি প্রতিভা এম সিংহ এবং বিচারপতি দিনেশকুমার শর্মার ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু অসুস্থ থাকায় দিল্লি পুলিশের (Delhi Police) তরফে শুনানি স্থগিত রাখার আর্জি জানানো হয়। এর পরেই আদালত আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জামিনের মামলার শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। বুধবার সেই শুনানির পর হাই কোর্ট সাফ জানাল, উমর ও শার্জিলের আর্জি মঞ্জর করা হচ্ছে না। 

এর আগে চলতি বছরের মার্চ মাসে নিজের ছোট ভাইয়ের বিয়েতে যোগ দেওয়া এবং অসুস্থ মায়ের দেখাশোনার জন্য ১০ দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন শার্জিল। গত ২২ সেপ্টেম্বর দিল্লির কড়কড়ডূমা আদালত তুতো বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য দ্বিতীয়বার তাঁর অন্তর্বর্তী জামিনের আর্জি মঞ্জুর করে। উমরও চলতি বছরে ৩ দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার জন্যে।   

আরও পড়ুন: জোর ধাক্কা খেল ABVP, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় দখল বাম-আম্বেদকরপন্থী জোটের

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্তদের তালিকায় নাম ছিল উমর ও শার্জিলের। ওই বছরের ২৫ অগাস্ট শার্জিলকে ও ১৩ সেপ্টেম্বর উমরকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। তার পর থেকে জেল হেফাজতেই রয়েছেন দু'জন।