নির্বাচন কমিশনকে (Election Commission) ব্যবহার করে দেশের গণতন্ত্রকে 'হত্যা' করা হয়েছে। আর সেই ‘হত্যা’র সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা যতই প্রবীণ বা প্রভাবশালী নেতা হন না কেন, তাঁদের শাস্তি হবেই। বুধবার 'ইন্ডিয়া' (I.N.D.I.A) ব্লকের বৈঠক থেকে এমনই কড়া বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন রাহুলের নিশানায় ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ (Amit Shah) বিজেপির (BJP) শীর্ষ নেতৃত্ব।
আরও পড়ুন: চাপে কমিশন, ফর্ম ৬ থেকে সরল অতিরিক্ত ঘোষণাপত্র
দিল্লির কনস্টিটিউশন ক্লাবে (Constitution Club) এদিন 'ইন্ডিয়া' ব্লকের বৈঠক বসে। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। সেখান থেকেই বিরোধী ঐক্যকে আরও জোরদার করার বার্তা দেন রাহুল। তাঁর কথায়, ভোটে অনিয়মের অভিযোগকে সামনে রেখে দেশের সমস্ত বিরোধী দল একজোট হয়েছে। এই অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে 'ইন্ডিয়া' ব্লক সফল ভাবে দেশজুড়ে জনমত তৈরি করেছে বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন: মালদহ ডিভিশনে ট্রেন লাইনে ধস, ব্যাহত রেল পরিষেবা
রাহুলের বক্তব্যে বিশেষ গুরুত্ব পায় তরুণ প্রজন্মের ভূমিকা। তাঁর দাবি, যুব সমাজই সবচেয়ে বেশি প্রতিবাদ করছে। বিশেষ করে নতুন প্রজন্মের আন্দোলন এবং সক্রিয়তার প্রশংসা করেন তিনি। 'ইন্ডিয়া' ব্লকের নেতৃত্বকে "গণতন্ত্রের রক্ষাকর্তা" বলেও এদিন উল্লেখ করেন রাহুল। তাঁর কথায়, দেশের গণতন্ত্রের জন্য আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরোধীরা একজোট হয়ে যে লড়াই চালাচ্ছে, তার ফলেই আগামী কয়েক মাসের মধ্যে দেশে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দেন কংগ্রেস নেতা।
বুধবারের বৈঠক থেকে কার্যত কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের বার্তাও দেন রাহুল। তাঁর বক্তব্যে স্পষ্ট, আগামী দিনে নির্বাচন ও গণতন্ত্রের প্রশ্নে বিরোধী দলগুলি আরও বড় পরিসরে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে।
















