হায়দরাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির (HYDERABAD CENTRAL UNIVERSITY) ছাত্র সংসদ নির্বাচনে বড় জয় পেল এসএফআই (SFI)। ২০২৫-এ যে এবিভিপি জোট ছ'টি কেন্দ্রীয় পদেই জয় পেয়েছিল, এবার তাদের সরিয়ে সেই ছাত্র সংসদের নিয়ন্ত্রণ নিল এআইএসএ–এএসএ–ডিএসইউ–এসএফআই–টিএসএফ জোট। সভাপতি নির্বাচিত হয়েছেন এসএফআইয়ের দিলশাদা রাইহান (Dilshada Raihan)। এবিভিপি-র প্রার্থীকে ৪৫১ ভোটে হারিয়েছেন তিনি।

আরও পড়ুন: মিলনের জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য, সোমে শুনানি

কেরলমের কান্নুরের বাসিন্দা দিলশাদা পেয়েছেন ২,১৭৮ ভোট। প্রায় ৫,৯০০ পড়ুয়া ভোট দেওয়ার যোগ্য ছিলেন। ভোট পড়েছে প্রায় ৮০ শতাংশ। এবারের নির্বাচনে নয়টি কেন্দ্রীয় পদ ও বিভিন্ন স্কুলের ৫৯টি বোর্ড সদস্যের আসনে মোট ২২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুন: দেখে নিন কোন শহরে কত দাম পেট্রোল ডিজেলের

শুধু সভাপতি নয়, সহ-সভাপতি পদেও জয় এসেছে জোটের। ট্রাইবাল স্টুডেন্টস ফোরামের কোরা নীতিন চৌহান হয়েছেন সহ-সভাপতি। সাধারণ সম্পাদক হয়েছেন আম্বেদকর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তরফে। যুগ্ম সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদকের পদও গিয়েছে একই জোটের দখলে।

গত বছর অবশ্য গল্পটা ছিল অন্যরকম। এসএফআই ও আম্বেদকরপন্থী শিবিরের মধ্যে সমঝোতা না হওয়ায় বিরোধী ভোট ভাগ হয়েছিল। সেই সুযোগে ২০২৫-এর নির্বাচনে ছ'টি কেন্দ্রীয় পদেই জয় পেয়েছিল এবিভিপি-র জোট। এবার সেই বিভাজন কাটিয়ে একসঙ্গে লড়েছে একাধিক বাম, আম্বেদকরপন্থী, দলিত ও আদিবাসী ছাত্র সংগঠন। ফলাফলে তারই প্রতিফলন দেখা গেল।

হায়দরাবাদের ফল নিয়ে উচ্ছ্বসিত এসএফআই নেতৃত্ব। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য দিলশাদা-সহ জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তাঁর দাবি, কেরলমেও সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনে ৬৫০টি কলেজের মধ্যে ৬০৯টিতে জয় পেয়েছে এসএফআই।