বিধায়ক কুণাল ঘোষের উপর বারবার হামলার প্রেক্ষিতে বুধবার মানবাধিকার কমিশনের শুনানিতে সবপক্ষকেই হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন মানবাধিকার কমিশনের (HRC) চেয়ারম্যান। কুণাল যথাসময়ে উপস্থিত থাকলেও ছিলেন না সংশ্লিষ্ট থানার ওসিরা। ঘটনায় প্রবল  ক্ষোভ প্রকাশ করেন চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি আইপি মুখোপাধ্যায় (I P Mukharjee)। তিনি সাফ জানান, পুলিশ (Police) ঠিকঠাক তদন্ত না করলে প্রয়োজনে অন্য রাজ্যের পুলিশকে দিয়ে তদন্তের উদ্যোগ নেবে কমিশন। প্রকৃতপক্ষে কমিশনের নির্দেশ সত্ত্বেও পুলিশ (Police) কর্তৃপক্ষ না আসা যেমন দুর্ভাগ্যজনক, পাশাপাশি এর মধ্যে ষড়যন্ত্রের ইঙ্গিতও উপেক্ষা করা যাচ্ছে না। 

এদিন বেলেঘাটার বিধায়কের সঙ্গে ছিলেন প্রাক্তন মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়। সংশ্লিষ্ট থানার কোনও দায়িত্বপ্রাপ্ত অফিসার বৈঠকে হাজির না থেকে ইমেলে অনুপস্থিতির কারণ জানান। কিন্তু বেলেঘাটা ও কালীঘাট থানার ওসিদের একইরকম বয়ান দেখে ক্ষোভ চেপে রাখেননি চেয়ারম্যান। বুঝিয়ে দিয়েছেন, এটা মোটেই গণতন্ত্রের পক্ষে সুখকর নয়। 
আরও পড়ুন: কারও নাম নেননি কুণাল, হামলায় সুদীপের নাম জড়িয়ে ন্যারেটিভ তৈরি করছে বিজেপি! বিস্ফোরক নয়না

কমিশন সাধারণ মানুষের চলাফেরার অধিকার খর্ব হওয়ার অভিযোগ ও ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেন আইপি মুখোপাধ্যায়। বলেন, এই ঘটনা কখনই নাগরিক সমাজ মেনে নেবেন না। এ বিষয়ে ফের পুলিশকে দ্রুত ও যথাযথ পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই কারণেই মানবাধিকার কমিশনের নিজস্ব তদন্ত শাখাকে এখনই তদন্তে নামানো হচ্ছে না। তবে পুলিশ যথাযথ তদন্ত না করলে প্রয়োজনে অন্য রাজ্যের পুলিশকে এনে তদন্ত করানো হবে বলে সাফ জানান চেয়ারম্যান। পরবর্তী শুনানি ১২ অক্টোবর। সেদিন পুলিশের সংশ্লিষ্ট আধিকারিকদের ফের শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দেন আইপি মুখোপাধ্যায়।