রাজ্যে খুচরো মদের দোকানের লাইসেন্স বণ্টন সংক্রান্ত বিধিতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ রদবদল ঘটাল রাজ্য সরকার। বন্ধ হয়ে যাওয়া পুরনো মদের দোকান বা অতীতে ব্যবহৃত বাণিজ্যিক পরিকাঠামোকে নতুন লাইসেন্সের আওতায় আনার পথ যেমন প্রশস্ত করা হল, তেমনই শহরাঞ্চলে স্কুল, হাসপাতাল বা ধর্মীয় স্থান থেকে দোকানের দূরত্বের মাপকাঠিতে আনা হল কড়া রাশ। আবগারি দফতরের আশা, এই পুনর্বিন্যাসের ফলে একদিকে যেমন লাইসেন্স মঞ্জুরির প্রক্রিয়া গতি পাবে, তেমনই রাজ্যের রাজস্ব আদায়ও উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে।

১৬ সেপ্টেম্বর প্রকাশিত কলকাতা গেজেটের বিজ্ঞপ্তিতে ‘পশ্চিমবঙ্গ আবগারি বিধি, ২০০৩’-এর সংশ্লিষ্ট ধারাগুলিতে এই সংশোধন আনা হয়েছে। বিজ্ঞপ্তির দিন থেকেই নতুন নিয়মাবলি কার্যকর হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। নতুন বিধিতে সব চেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে ‘বিদ্যমান সাইট’ বা চালু জায়গার সংজ্ঞায়। পুরনো বিদেশি মদের (এফএল) দোকানের জায়গা, কিংবা অতীতে লাইসেন্স বাতিল, প্রত্যাহার বা সমর্পণের কারণে বন্ধ হয়ে যাওয়া বিক্রয়কেন্দ্রগুলিকে নতুন লাইসেন্সের জন্য ব্যবহার করার সুযোগ তৈরি হয়েছে। আবগারি দফতর সূত্রের খবর, অতীতে যে সমস্ত জায়গায় এফএল ট্রেড লাইসেন্স ছিল, সেই লাইসেন্সধারীরা নির্দিষ্ট শর্ত ও বিধিনিষেধ মেনে নতুন সাইটে ৪(ই) শ্রেণির খুচরো লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। জেলা প্রশাসনের কালেক্টর সরেজমিনে তদন্ত করে সন্তুষ্ট হলে সেই আবেদন আবগারি কমিশনারের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। নির্ধারিত ফি জমা পড়ার পরেই মিলবে ছাড়পত্র। এ ছাড়াও বিদেশি মদের ‘অন’ শপগুলিকেও নির্দিষ্ট নিয়ম মেনে সর্বপ্রকার মদ বিক্রির ৪(পি) শ্রেণির লাইসেন্সের আওতায় রূপান্তরের সুযোগ রাখা হয়েছে। এমনকি সংশোধনের আগে জমা পড়া অমীমাংসিত আবেদনগুলিও এই নতুন নীতিতেই নিষ্পত্তি করা হবে।

ব্যবসা শুরুর পথ কিছুটা সরল হলেও শহরাঞ্চলে দোকান খোলার ক্ষেত্রে দূরত্বের নিয়মে রাশ টেনেছে রাজ্য। আগে পুর এলাকায় বিদ্যালয়, চিকিৎসাকেন্দ্র বা ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মদের দোকানের ন্যূনতম দূরত্ব ছিল ১,০০০ ফুট (প্রায় ৩০৫ মিটার)। সংশোধিত বিধিতে তা বাড়িয়ে এক ধাক্কায় ৫০০ মিটার করা হয়েছে। গ্রামীণ বা পুর-বহির্ভূত এলাকার ক্ষেত্রে অবশ্য আগের মতোই এক কিলোমিটারের দূরত্ব বজায় থাকছে। তবে এই কড়াকড়ি শুধুমাত্র নতুন লাইসেন্সের ক্ষেত্রেই কার্যকর হবে, ইতিমধ্যেই চালু থাকা দোকানগুলির ক্ষেত্রে এই নিয়ম বলবৎ হচ্ছে না। এমনকি কোনও প্রতিষ্ঠানের একাধিক প্রবেশদ্বার থাকলে, তার যে কোনও একটির দূরত্ব যদি নির্ধারিত ৫০০ মিটারের মধ্যে পড়ে, তবে সেখানে নতুন দোকান খোলার অনুমতি মিলবে না। শপিং মল বা বাণিজ্যিক কেন্দ্রে বিয়ার ও ওয়াইন বিক্রির নিয়মেও কিছু প্রাসঙ্গিক সংশোধন আনা হয়েছে। পাশাপাশি বিভিন্ন নথিভুক্ত সংস্থাকেও এই প্রক্রিয়ার আওতায় আনার পথ খুলে দেওয়া হয়েছে।