দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) 'ভারতরত্ন' (Bharat Ratna) সম্মান প্রদানের দাবি করল তৃণমূল ভেঙে বেরিয়ে যাওয়া সাংসদদের দল এনসিপিআই। কয়েকদিন আগে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেছিলেন বাংলায় রক্তপাতহীন নির্বাচন করানোর জন্যে জ্ঞানেশকে পদ্ম সম্মান দেওয়া উচিত। এবার একধাপ এগিয়ে এনসিপিআই (NCPI) তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবি জানালো এই দল।
জ্ঞানেশকে ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়ে এই দল চিঠি দিল প্রধানমন্ত্রীর দফতরে। কিন্তু ভারতরত্ন সম্মান প্রদান করেন দেশের রাষ্ট্রপতি।
সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যের একটি প্রতিবেদন ঘিরে জাতীয় রাজনীতি তোলপাড়। সেই রিপোর্টে দাবি করা হয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় গত ১০ মাসে অন্তত ১৪ বার অন রেকর্ড আপত্তি জানিয়েছেন দুই কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। অভিযোগ ছিল, তাঁদের অজান্তে এবং কোনও সুপারিশ ব্যতিরেকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশিকা জারি করা হয়েছিল।
এরপর বিরোধী নেতারা সুর চড়িয়েছেন। ককরোচ জনতা পার্টি থেকে দেশের বিরোধী দলগুলির একটাই দাবি পদত্যাগ করুক জ্ঞানেশ কুমার এবং তাঁকে গ্রেফতারের পর শুরু হোক তদন্ত। বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকেও এই দাবি তুলে বড় আন্দোলনের ডাক দিয়েছেন ইন্ডিয়ার নেতারা।
ঠিক তারপরেই জ্ঞানেশকে ভারতরত্ন দেওয়ার দাবি তুলে প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পাঠিয়েছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। দলের সভাপতি জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়ের সই করা চিঠি বুধবার প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়েছে দলটি।
আরও পড়ুন: যতই প্রভাবশালী হোন, শাস্তি হবেই: বৈঠকে রাহুলের নিশানায় মোদি- জ্ঞানেশ
চিঠিতে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ বিধানসভানির্বাচন পরিচালনার কৃতিত্ব দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনারকে। প্রশংসা করা হয়েছে এসআইআর প্রক্রিয়ারও।
















