এক হাতে জামাত, অন্য হাতে দিমাগি নকশাল, দুজনকে নিয়েই চলেছেন মমতা, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকে এভাবেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সুর চড়াচ্ছে বিরোধীরা। একদিকে যখন সিজেপি দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে ঠিক তখনই বিরোধী জোট I.N.D I.A জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার প্রস্তুতি দিচ্ছে। এই আবহে রাজধানীতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই সম্পর্কে তীব্র কটাক্ষ করে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'সিপিএম নেতাদের সঙ্গে নতুন চক্রান্ত করতে উনি দিল্লি যাচ্ছেন। তার গতিবিধির উপর নজর রাখতে দিল্লি পুলিশকে অনুরোধ করব।'
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে কমিশনের অন্দরের মতানৈক্যের কথা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে জোরালো হচ্ছে জ্ঞানেশের পদত্যাগের দাবি। ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও কমিশন এবং পরবর্তীকালে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে সবটাই নিয়ম মেনে হয়েছে। কিন্তু ভোট চুরি হয়েছে অভিযোগ করে এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে সরব বিরোধীরা। ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা হয়েছে সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির। এবার দিল্লিতে বৈঠকে বসতে চলেছে বিরোধীরা। বুধবার ইন্ডি বৈঠকের আগে এদিন রাজধানীতে রওনা দিলেন মমতা। বিমানবন্দরে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি শুধু জানিয়েছেন বৈঠকের জন্যই যাচ্ছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুভেন্দু। স্পষ্ট ভাষায় মমতাকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, 'অতীতেও অনেকে দিল্লি গিয়েছেন যিনি প্রকাশ্যে "আজাদি" স্লোগান দেন তাঁর গতিবিধির উপর নজর রাখতে দিল্লি পুলিশ ও সেন্ট্রাল আইবিকে অনুরোধ করব। যাতে দেশবিরোধী শক্তির সঙ্গে ফের বৈঠক না হতে পারে।' এখানেই থেমে থাকেননি শুভেন্দু, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে রাজ্যের প্রশাসনিক প্রধানের দাবি, এক হাতে জামাত আর এক হাতে দিমাগী নকশালকে নিয়ে কাজ করতে চাইছেন মমতা।
আরও পড়ুন: বিরল রোগে আক্রান্ত শিশুর পাশে মুখ্যমন্ত্রী, ‘জনতার দরবারে’ অসহায় পরিবারকে আশ্বাস
রাজ্যে সারথি প্রকল্পের সূচনা করার আগে এদিন সকালে তল থেকে বিজেপির দফতরে যান শুভেন্দু। সেখানে তাঁকে হাসিরানি রথের মনোনয়ন সংক্রান্ত মামলা আদালতের খারিজ করে দেওয়ার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'হাইকোর্ট থেকে ভালো খবর পেয়েছি। ভারতীয় জনতা পার্টির নন্দীগ্রামের প্রার্থীর বিরুদ্ধে যে একটা সাইনবোর্ড পার্টি এবং তৃণমূল কংগ্রেস মামলা করেছিল সেই রিট পিটিশন টা আদালত খারিজ করে দিয়েছে।' পাশাপাশি এদিন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইদি অভিযান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তীব্র কটাক্ষ করে বলেন আগের সরকারের ত্রানের দেওয়া প্যাকেট থেকেও টাকা বের হতো। সল্টলেকে এদিন জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে অনেকেই দেখা করতে আসেন। তাঁদের মধ্যে জটিল স্নায়ু রোগে আক্রান্ত সন্তানকে নিয়ে আসা এক দম্পতি বলেন, ভীষণ অসহায় লাগছিল, চিকিৎসার জন্য প্রচুর টাকা প্রয়োজন।মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সাহায্যের আশ্বাস মিলেছে।
















