নির্বাচন কমিশনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠছে দেশজুড়ে। আর সেই প্রশ্নেই দায়ের হওয়া মামলার এবার দ্রুত শুনানিতে সম্মতি দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটির উল্লেখ করা হয়। আগামী সপ্তাহেই বিষয়টি শুনানির জন্য তালিকাভুক্ত হতে পারে বলে জানা গিয়েছে। সিনিয়র আইনজীবী বিকাশ সিং আদালতে দাবি করেন, বহু-সদস্যের নির্বাচন কমিশনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হয় সর্বসম্মতি, নয়তো সংখ্যাগরিষ্ঠ মত প্রয়োজন। তাঁর বক্তব্য, বর্তমানে কমিশনের সিদ্ধান্তগুলি আদৌ সর্বসম্মতভাবে নেওয়া হচ্ছে কিনা, তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।
এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি ও তার আইনগত বৈধতা খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে শীর্ষ আদালতে। অন্যদিকে মহারাষ্ট্রে ভোটার তালিকার Special Intensive Revision বা SIR ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল। SIR-এর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে দায়ের হওয়া একটি মামলার দ্রুত শুনানিতে সম্মতি দিল বম্বে হাইকোর্টের মুম্বই বেঞ্চ। প্রধান বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠী এবং বিচারপতি অদ্বৈত শেঠনার ডিভিশন বেঞ্চ আগামী ৫ অক্টোবর মামলাটি শুনবে। মামলাকারীদের দাবি, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং যোগ্য ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। তবে বম্বে হাইকোর্টের কোলহাপুর বেঞ্চে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়েও পৃথক মামলা হয়েছে। সেখানে SIR-সহ ভোটার নথিভুক্তি, নাম বাদ দেওয়া ও পুনর্বহাল এবং ভোটার ডেটাবেস নিয়ন্ত্রণ সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তবে সেই মামলায় জরুরি শুনানির আবেদন খারিজ করে ২২ অক্টোবর শুনানির দিন ধার্য করা হয়েছে।
















