পরিবর্তনের বাংলায় সাধু সন্তদের অপমান বরদাস্ত করা হবে না, রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১১ হাজার কণ্ঠে আয়োজিত গীতাপাঠের অনুষ্ঠান থেকে বড় বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর প্রসঙ্গ উল্লেখ করে স্পষ্ট জানান, 'যাঁরা সাধু মহারাজের অপমান করবেন বর্তমান সরকার তাঁদের সোজা জেলে ভরবে।'

রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত গীতাপাঠের অনুষ্ঠানে উপস্থিত হয় বিরোধীদের নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, 'প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীরামপুরের সভা থেকে আজাদি স্লোগান দিয়েছেন। যাঁরা এমন করবেন রাষ্ট্রবাদীরা তাঁদের উপড়ে ফেলবেন।' দিনের বক্তব্যে বাম-তৃণমূল সমীকরণ নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। এদিনের অনুষ্ঠানের শুরুতেই তিনি বলেন, "মুখ্যমন্ত্রী হিসেবে নয়, একজন সনাতনী হিসেবে এই অনুষ্ঠানে এসেছি। আগামী ২৯ ডিসেম্বর দশ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হচ্ছে। উপস্থিত থাকতে পারেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতও।" বাঙ্গুর জাগরণ মঞ্চ, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ এবং সনাতন সংস্কৃতি সংসদের যৌথ ধর্ম সভা থেকে মুখ্যমন্ত্রীর দাবি, 'পশ্চিমবঙ্গের বর্তমান সরকার, টিকা, শিখা, ধুতি ও তুলসীর সুরক্ষাকারী সরকার। এখন আর কোন ভয় নেই। প্রান খুলে গীতা পাঠ করুন, হনুমান চালিশা পাঠ করুন, হরে কৃষ্ণ কীর্তন করুন। দিন বদলে গিয়েছে। গোরক্ষা ও ধর্ম রক্ষায় বাংলার ডবল ইঞ্জিন সরকার প্রস্তুত। এই প্রসঙ্গে ধীরেন্দ্র শাস্ত্রীর ছবি পোড়ানোয় অভিযুক্তদের ঘটনার রাতেই গ্রেফতারির কথাও তুলে ধরেন।

মুখ্যমন্ত্রী এদিন চেয়ার ছেড়ে মঞ্চের মধ্যে বসে গীতাপাঠে অংশ নেন। তিনি জানান যে, আগামী বছর বাংলায় আসতে চলেছেন রাম মন্দির (Ram Mandir) মামলার অন্যতম প্রধান সাক্ষী জগৎগুরু স্বামী রামভদ্রাচার্য। আগামী ১৫ জানুয়ারি মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান করবেন তিনি। সেইসঙ্গে তিনি ১৬ থেকে ২৪ জানুয়ারি ব্রিগেডে ১০০০ কুণ্ডের এক অভূতপূর্ব ধর্মসভার নেতৃত্বও দেবেন। রবিবার নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে আরও একবার মহালয়ার আগে পুজো উদ্বোধন করা যাবে না বলেও মনে করান মুখ্যমন্ত্রী।