আমেরিকার মাটিতে দাঁড়িয়ে সন্ত্রাসবাদে মদত দেওয়া পাকিস্তানের বিরুদ্ধে ফের নিজের অবস্থান স্পষ্ট করল ভারত। নিউইয়র্কে আয়োজিত রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার একাশিতম অধিবেশনে পাক সাংবাদিককে ধুইয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সম্প্রতি অধিবেশন চলাকালীন এক পাকিস্তানি সাংবাদিক প্রশ্ন করেন, 'পাকিস্তানে সন্ত্রাসবাদে মদত দেওয়া ভারত কবে বন্ধ করবে?' এরপরই মেজাজ হারান ভারতের বিদেশমন্ত্রী। স্পষ্ট জানান যে দেশ বিশ্বজুড়ে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার জন্য পরিচিত তাদের প্রতিনিধির মুখে এই প্রশ্ন মানায় না। পাক সাংবাদিকের উদ্দেশ্যে জয়শঙ্করের চাঁচাছোলা জবাব পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থান ফের একবার স্পষ্ট করল।

আন্তর্জাতিকস্তরে ঘোষিত একাধিক সন্ত্রাসবাদি সংগঠন এবং তার মূলচক্রীরা যে পাকিস্তানেই লালিত পালিত তার একাধিক প্রমাণ বহুবার মিলেছে। ভারতকে টার্গেট করে কখনও পহেলগাম হামলা আবার কখনও জওয়ানদের গাড়িতে বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি ভূস্বর্গে প্রায় নিয়মিতই অশান্ত পরিস্থিতি তৈরির নেপথ্যে জঙ্গি যোগ নতুন নয়। আর ঠিক সেই কারণেই দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মঞ্চে ইসলামাবাদের বিরুদ্ধে সরব ভারত। পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ মানুষের মৃত্যুর পর ভারত ‘অপারেশন সিন্দুর’ পরিচালনা করে ইসলামাবাদকে কড়া বার্তা দিয়েছে। নয়া দিল্লির এই সন্ত্রাসবিরোধী অবস্থান বিশ্বমঞ্চে ব্যাপকভাবে প্রশংসিত হয়। সিন্ধু জলশক্তি স্থগিত রাখা থেকে শুরু করে মাঠ ময়দানে পাকিস্তানের সঙ্গে সৌজন্যতা দেখানো বয়কট করে ভারত বুঝিয়ে দিয়েছে সন্ত্রাসবাদী দেশের সঙ্গে বন্ধুত্ব তো দূরের কথা কোন ধরনের যোগাযোগ রাখতে চায় না কেন্দ্র। এইরকম পরিস্থিতিতে রাষ্ট্রসঙ্ঘে আয়োজিত অধিবেশনে যখন ভারতের প্রতিনিধিত্ব করছিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর তখন আচমকাই বিতর্কিত প্রশ্ন করেন পাক সাংবাদিক।

শুক্রবার লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলো নিয়ান্তির সঙ্গে যৌথভাবে 'গ্রুপ অফ ফ্রেন্ডস অন সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ শিপিং অ্যান্ড সিফারার্স' বিষয়ক একটি প্রেস ব্রিফিং করছিলেন ভারতের বিদেশমন্ত্রী। অনুষ্ঠান শেষ হওয়ার মুহূর্তে আচমকাই এক পাকিস্তানি সাংবাদিক তাঁকে লক্ষ্য করে তির্যক প্রশ্ন ছুড়ে দেন, "ভারতে আপনার সরকার কখন পাকিস্তানে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করবে?" এতটুকু সময় নষ্ট না করে কড়া ভাষায় জবাব দেন জয়শঙ্কর। রীতিমতো কটাক্ষের সুরে বলে ওঠেন, ‘সন্ত্রাসবাদী দেশই আমাকে এই প্রশ্ন করছে! আশ্চর্য! আপনি বরং পাকিস্তানকে জিজ্ঞাসা করুন। তাদের মন্ত্রীরা আপনাকে বলতে পারবেন যে কতদিন তাঁরা এই সন্ত্রাসে মদত দেওয়ার কাজটা করে যাবেন। আপনিই বলুন কতদিন পাকিস্তান সন্ত্রাসবাদ পুষে রাখবেন?'