নন্দীগ্রামের বিধানসভা উপনির্বাচনে (Nandigram Assembly By Election) বিজেপি প্রার্থী হাসিরানি রথের (Hasi Rani Rath) মনোনয়নে হাজির বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মঙ্গলবার দুপুরে হলদিয়ায় একটি দলীয় সভায় উপস্থিত হয়ে প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মাকে পাশে নিয়ে নন্দীগ্রামে বিপুল মার্জিনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন যে তিনি এই বিধানসভা কেন্দ্রের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর। রাজ্যের প্রশাসনিক প্রধান নন্দীগ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, 'সকলের মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ আমার অঙ্গীকার। আমি প্রতিশ্রুতি পূরণ করবই।' একইসঙ্গে এদিন পূর্বতন মুখ্যমন্ত্রীকেও নিশানা করেন শুভেন্দু।
আরও পড়ুন: নন্দীগ্রাম ছেড়ে রেজিনগর চান! মমতার জোট প্রস্তাবে কী প্রতিক্রিয়া কংগ্রেসের
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। শুভেন্দুর ছেড়ে যাওয়া আসনে প্রার্থী হাসিরানি। জল্পনা সত্যি করে এদিন সকালেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এরপর দুপুরে হলদিয়ায় পৌঁছে মুখ্যমন্ত্রী বলেন, "আমি ভোট করাতে জানি, এমন মার্জিনে বিজেপি জিতবে কেউ ভাবতে পারছে না। প্রতিকূলতার বিরুদ্ধে আমি লড়াই করে জিতেছি, এখন তো রাজ্যে অনুকূল হওয়া।" এখানেই শেষ নয় সরাসরি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করে মঞ্চ থেকে বর্তমান মুখ্যমন্ত্রী বলেন, "ওর পাড়ায় গিয়ে ওকে হারিয়ে এসেছি।" শুভেন্দু এদিন বারবার মনে করিয়ে দিয়েছেন যে নন্দীগ্রামের মানুষ চিরকালই তাঁর পাশে ছিলেন,আছেন এবং থাকবেন। নিজের সংক্ষিপ্ত বক্তব্যে কীভাবে রাজ্যের মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন সে কথা উল্লেখ করেন তিনি। উন্নয়নের ক্ষেত্রে যে বিজেপি সরকার কোনও ধর্ম দেখেনি সে কথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। বলেন, "রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর হাতে হাত মিলিয়ে যদি কাজ করতে চান কাজ পেতে চান তাহলে রেজিনগর ও নন্দীগ্রামে আপনাদের পরীক্ষা।" এদিন প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথের কথাও উল্লেখ করেছেন শুভেন্দু। তিনি বলেন, শুধুমাত্র তৎকালীন বিরোধী নেতাকে সহযোগিতা করেছেন বলে চন্দ্রকে নৃশংসভাবে খুন করা হয়েছে। দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিষয়টি দেখছে।
প্রচন্ড দাবদাহের মধ্যে এদিন সভার পর পায়ে হেঁটে হাসিরানির মনোনয়ন পেশে বর্ণাঢ্য র্যালি করেন মুখ্যমন্ত্রী। এসডিও অফিসে পৌঁছে একযোগ বাম-তৃণমূল -কংগ্রেসকে কটাক্ষ করে ফের বিজেপির রেকর্ড ভোটে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসীর সুর শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়।
















