স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ এবং খুনের মামলায় মূল অভিযুক্ত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন কেন এখন অধরা, একজন ব্যক্তি গোটা সিস্টেমকে পরিহাস করছেন - মঙ্গলবার রাজ্যকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল গত বৃহস্পতিবারের মধ্যে প্রশান্তকে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু অভিযুক্ত তা তো করেনইনি, উপরন্তু তিনি সুপ্রিম দ্বারস্থ হন হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে। শীর্ষ আদালতে আজ সেই মামলা উঠলে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে।
এদিন সুপ্রিম আদালতের বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে মামলাটি উঠলে কোর্টের প্রশ্ন, কেন রাজ্য পদক্ষেপ করেনি? দুই বিচারপতির বেঞ্চ রাজ্যকে বলে, “আপনারা কী করছেন? হাই কোর্টের নির্দেশ মেনে এখনই পদক্ষেপ করুন।” কলকাতা হাইকোর্ট যে নির্দেশের দিয়েছে তার প্রেক্ষিতে সুপ্রিমকোর্ট যে কোনও রকমের হস্তক্ষেপ করবে না তাও এদিন ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে। পাশাপাশি প্রশান্তের আচরণ নিয়েও বিস্ময় প্রকাশ করে অভিযুক্ত প্রাক্তন বিডিওর আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন কেন প্রশান্ত এখনও আত্মসমর্পণ করেননি? পুরো সিস্টেমকে উপহাস করে আদালতের নির্দেশ অমান্য করছেন করা হচ্ছে কী করে? তাহলে কি প্রশান্তর সঙ্গে পুলিশ প্রশাসনের যোগসাজশ আছে? প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট।
এদিন শুনানির শুরুতেই বিচারপতি বলেন কোনওমতেই প্রশান্ত বর্মনের পিটিশন গ্রহণ করা যাবে না। গোটা বিচার ব্যবস্থাকে তিনি প্রহসন করে তুলেছেন। এরপর রাজ্যের আইনজীবীকে কড়া ভাষায় প্রশ্ন করেন বিচারপতি, 'আপনারা কী করছেন? আপনারা কি অভিযুক্তের সঙ্গে হাত মিলিয়ে রয়েছেন? আদালতের নির্দেশের পরেও আপনারা তাঁকে গ্রেফতার করতে পারেননি? আপনাদের বিরুদ্ধেও আমরা কঠোর পদক্ষেপ করব। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক।'















