রাশিয়ার (Russia) কাছ থেকে ভারত জ্বালানি কেনায় হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।  মাত্রাতিরিক্ত শুল্ক চাপাতে চান বলেও জোর গলায় জানিয়েছিলেন। এদিকে নিজেই এখন রাশিয়ার সঙ্গে তেলচুক্তি সম্পন্ন করলেন ট্রাম্প। বললেন যা করেছেন বেশ করেছেন। 

আরও পড়ুন: সুপ্রিম অভিযানে জোড়া FIR! I.N.D.I.A.- র মিছিল ঘিরে আইনি পদক্ষেপ দিল্লি পুলিশের

ট্রুথ সোশ্যালে ট্রাম্প সংবাদমাধ্যমকে ভণ্ড বলে তোপ দেগে জানিয়েছেন, "ইউরোপীয় ইউনিয়ন জ্বালানির জন্য রাশিয়াকে ২৫০ বিলিয়ন ডলার দিয়েছিল। অথচ 'ফেক নিউজ মিডিয়া' সেই খবরটার ধারেকাছেও ঘেঁষতে চায় না।"

পাশাপাশি নিজের জ্বালানি নীতির পক্ষে সাফাই গেয়ে ট্রাম্প লিখেছেন, 'আমি মার্কিন জনগণের পক্ষে সঠিক সিদ্ধান্তই নিয়েছি। সব সময়ই 'আমেরিকা ফার্স্ট' বা আমেরিকাই সবার আগে।' শুক্রবার ট্রাম্প জানিয়েছেন,আমেরিকা-সহ বিশ্ব বাজারে ৩ লক্ষ মেট্রিক টনেরও বেশি ডিজেল সরবরাহ করবে রাশিয়া। এছাড়া নভেম্বরে আরও ৫ লক্ষ মেট্রিক টন এবং পরবর্তীতে ১০ লক্ষ মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। 

আগামী নভেম্বরে আমেরিকায় রয়েছে মধ্যবর্তী নির্বাচন। তার আগে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। এছাড়া আমেরিকার জীবনযাত্রার ব্যয়ও উল্লেখ্যযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা নিয়ে ক্ষুব্ধ মার্কিন জনগণের একাংশ। এর জেরে ভোটের আগে কিছুটা চাপে রয়েছে রিপাবলিকানরা। ওয়াকিবহাল মহলের মতে, কঠিন পরিস্থিতি সামাল দিতেই তড়িঘড়ি রাশিয়ার সঙ্গে তেলচুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন: প্রতিভা অন্বেষণে আমিরের নতুন উদ্যোগ! ডিজিটাল মঞ্চে আসছে ‘ওয়ান্স আপন আ মাইক’

এদিকে চারজন রিপাবলিকান-সহ ৬ জন মার্কিন সেনেটর ট্রাম্প প্রশাসনকে এই চুক্তি থেকে অবিলম্বে সরে আসার আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, রাশিয়া যেখানে ইউক্রেনের সাধারণ নাগরিকদের হত্যা করছে, সেখানে আমেরিকার উচিত নয় পুতিনকে কোনওভাবে আর্থিক সহায়তা করা।