মধ্যপ্রাচ্যের সংঘাতের ছবি এবার আরও ভয়াবহ। সৌদি আরবের (Saudi Arabia) রাজধানী রিয়াধে (Riyadh) একের পর এক হামলায় উদ্বেগ বাড়ছে। শনিবার ভোররাতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে (King Khalid International Airport) লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। মৃতদের মধ্যে একাধিক দেশের নাগরিক রয়েছেন। এই পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়িয়ে হামলার তীব্র নিন্দা করেছে ভারত (India)। ভারতের স্পষ্ট বার্তা, সাধারণ মানুষকে নিশানা করে এমন আক্রমণ কোনওভাবেই বরদাস্ত করা যায় না।
আরও পড়ুন: মোদি ভারতের লজ্জা! দেশের অঘোষিত 'জরুরি অবস্থা' নিয়ে বিস্ফোরক আশুতোষ- সৌরভরা
রিয়াধের বিমানবন্দরকে ঘিরে নিরাপত্তার আশঙ্কা অবশ্য নতুন নয়। চলতি সপ্তাহেই একাধিকবার সেখানে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের খবর সামনে আসে। কিং খালিদ বিমানবন্দরে একটি বিমানের গা থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। এরপর থেকেই বিমান চলাচল ব্যাহত হয়েছে। তবে শনিবারের ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
আরও পড়ুন: একনায়কতন্ত্রের শেষের শুরু, ঠাকুমার শেষকৃত্যে যাওয়ার আগে হুঁশিয়ারি অভিজিতের
মৃতদের অধিকাংশই বিদেশি নাগরিক বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তাঁদের মধ্যে বাংলাদেশ, প্যালেস্টাইন, আমেরিকা, মিশর, জর্ডন, সিরিয়া এবং সুদানের নাগরিকরাও রয়েছেন। হামলার পিছনে হাউথি গোষ্ঠীর হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
এই পরিস্থিতিতে কূটনৈতিক অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সমাজমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন, রিয়াধের বিমানবন্দরে ধারাবাহিক হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করছে। সাধারণ নাগরিক এবং অসামরিক পরিকাঠামোর উপর আক্রমণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ করারও দাবি জানিয়েছে ভারত। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে পাশে থাকার বার্তা দিয়েছে দিল্লি।
অন্যদিকে, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়েও সতর্ক রয়েছে রিয়াধের ভারতীয় দূতাবাস। কয়েক দিন আগেই জারি করা নির্দেশিকায় বর্তমান পরিস্থিতির দিকে নজর রাখার পাশাপাশি অপ্রয়োজনে বাইরে না বেরিয়ে নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে চলমান সংঘাত সংক্রান্ত কোনও ভিডিয়ো বা খবর যাচাই না করে সমাজমাধ্যমে ছড়িয়ে না দেওয়ারও আবেদন জানানো হয়েছে।















