মধ্য আমেরিকার পানামায় জোড়া ভূমিকম্প (earthquake in Panama), ভাঙল বহু বাড়ি, তছনছ একাধিক এলাকা। মার্কিন জিওলজিক্যাল সার্ভে (US Geological Survey) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্পে কঁপে ওঠে পানামা। কেন্দ্রস্থল ছিল পিতালোজা আরিবা শহর থেকে ১০ কিলোমিটার দূরে মাটি থেকে ১২ কিলোমিটার গভীরে। ইতিমধ্যেই সুনামি সতর্কতা (Tsunami Alert)জারি করা হয়েছে।

গোটা পানামা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। উপকূল সংলগ্ন এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতি যথেষ্ট বিপদজনক, জানিয়েছে প্রশাসন।এক মিনিট ধরে কম্পন অনুভূত হয়। এর পর কমপক্ষে ৮০টি আফটারশকও। রিখটার স্কেলে একটি আফটারশকের তীব্রতা ধরা পড়েছে ৬.০।প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো জানিয়েছেন, 'কম্পনের উৎসস্থলের কাছে রাস্তাঘাট ওলটপালট হয়ে গিয়েছে। পরিস্থিতি যথেষ্ট গুরুতর।' 

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্প পরবর্তী যে ভিডিও সামনে এসেছে (সত্যতা যাচাই করা হয়নি), তাতে দেখা গিয়েছে বাড়িঘর ভেঙে পড়েছে। ধ্বংসাবশেষের নীচে চিঁড়েচ্যাপ্টা একাধিক গাড়ি। ন্যাশনাল সিভিল প্রটেকশন সিস্টেম (National Civil Protection System) জানিয়েছে, অন্তত ৪৫ লক্ষ মানুষজন কম্পন অনুভব করেছেন। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের সংখ্যা জানা যায়নি। আগামী তিন ঘণ্টার মধ্যেই সুনামি আছড়ে পড়ে বলে সতর্কতা জারি হয়েছে।