বিপদের মুখে পিছিয়ে না গিয়ে নিজের দায়িত্বে অবিচল ছিলেন তিনি। আচমকাই ককপিটে সহ-পাইলটের হামলা। রক্তাক্ত অবস্থাতেও দমে যাননি ভারতীয় পাইলট (Indian Pilot) স্মিত মচ্ছর (Smit Machchhar)। চরম বিপদের মুখেও দায়িত্ব ও সাহসিকতার পরিচয় দিয়ে বড়সড় বিপর্যয় এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। তাঁর সেই বীরত্বই এ বার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চলেছে। স্মিতকে ইজরায়েলের (Isreal) সর্বোচ্চ নাগরিক সাহসিকতা সম্মানে ভূষিত করার কথা ঘোষণা করেছেন সে দেশের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই ভারতীয় পাইলট সুস্থ হয়ে উঠলেই তাঁর হাতে তুলে দেওয়া হবে সম্মান।

আরও পড়ুন: রাত আটটায় ইন্ডিয়া জোটের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রপতির, ‘সময়’ নিয়ে প্রশ্ন তুললেন কুণাল

জেরুজালেমে একটি অনুষ্ঠানে ছয় জনকে নাগরিক সাহসিকতা সম্মান তুলে দেন ইজরায়েলের প্রেসিডেন্ট (Isreal President)। বিমানে হামলার সময় তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। কেউ বিপদের সতর্কবার্তা দিতে অ্যালার্ম বাজিয়েছিলেন, কেউ আহত স্মিতের চিকিৎসায় সাহায্য করেছিলেন, আবার কেউ হামলাকারী সহ-পাইলটকে আটকানোর চেষ্টা করেছিলেন। তাঁদের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়। সেই অনুষ্ঠানেই স্মিতের সাহসিকতার প্রশংসা করেন হেরজোগ। তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করেন ইজরায়েলের প্রেসিডেন্ট। পাশাপাশি জানান, স্মিতকেও ‘প্রেসিডেনশিয়াল অ্যাওয়ার্ড ফর সিভিল হিরোইজম’ সম্মান দেওয়া হবে। সুস্থ হয়ে উঠলেই তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। বর্তমানে আবু ধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন স্মিত। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে সুত্রের খবর।

স্মিতের সাহসিকতায় মুগ্ধ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও। ইতিমধ্যেই ফোনে তাঁর সঙ্গে কথা বলেছেন তিনি। আগামী বছর ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য স্মিতকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন নেতানিয়াহু।  শুধু অনুষ্ঠানে যোগ দেওয়াই নয়, তাঁকে মশাল প্রজ্বলনের জন্যও আমন্ত্রণ জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। সে দেশের স্বাধীনতা দিবসে মশাল প্রজ্বলন অত্যন্ত সম্মানের বিষয়। সাধারণত ইজরায়েলের নাগরিকদেরই এই সুযোগ দেওয়া হয়। তবে স্মিতের সাহসিকতার কথা মাথায় রেখে তাঁকে এই বিশেষ সম্মান দিতে চান নেতানিয়াহু। আকাশপথে মৃত্যুর মুখে পড়েও দায়িত্ব থেকে সরে আসেননি স্মিত। তাঁর সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল। আপাতত তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছেন সকলে।