তৎকালীন মুখ্য নির্বাচনী আধিকারিক তথা বর্তমান মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালকে নিয়ে সমাজমাধ্যমে করা পোস্ট ঘিরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে আইনি নোটিশ পাঠানো হল। নোটিশে অভিযোগ, গত ৩ ও ৬ অক্টোবর এক্স হ্যান্ডেলে করা দুটি পোস্টে মুখ্যসচিবকে উদ্দেশ্য করে মিথ্যা, মানহানিকর ও বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে।  ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিশ পাঠালেন মনোজ আগরওয়াল।

আরও পড়ুন: ‘রক্তের রঙে নেই ভেদাভেদ’, ক্রান্তিবীরের প্রয়াণে কাঁদছে পাকিস্তানও!

মুখ্যসচিবের আইনজীবীর পাঠানো নোটিশে দাবি করা হয়েছে, ওই পোস্টে তাঁকে ‘ভোট চোর’ এবং নির্বাচনী প্রক্রিয়ায় বেআইনি কাজের সঙ্গে যুক্ত বলে অভিযুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করেছে। নোটিশে আরও দাবি, নির্বাচনী তালিকা সংশোধনের ক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিকের একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই; তিনি নির্বাচন কমিশনের নির্দেশ ও আইন মেনেই দায়িত্ব পালন করেছেন।  

নোটিশে মহুয়া মৈত্রকে ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কিত পোস্ট মুছে ফেলা, নিঃশর্ত ক্ষমা চাওয়া, ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার লিখিত আশ্বাস দেওয়া, ১০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং ৫০ হাজার টাকা আইনি খরচ দেওয়ার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সাড়া না মিললে দেওয়ানি ও ফৌজদারি—উভয় ধরনের আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: মাছি মারতে কেউ হাতুড়ি চালায় না! মেট্রো বন্ধের সিদ্ধান্তে দিল্লি সরকারকে সুপ্রিম ভর্ৎসনা

নোটিশে দাবি করা হয়েছে, ওই পোস্টগুলি ইতিমধ্যেই বহু মানুষের কাছে পৌঁছেছে এবং একজন জ্যেষ্ঠ আইএএস আধিকারিক হিসেবে মনোজ কুমার আগরওয়ালের সুনাম ও পেশাগত মর্যাদার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।