বিশ্ব ডাক দিবস (World Post Day) উপলক্ষে শুক্রবার থেকে জাতীয় ডাক সপ্তাহ উদ্‌যাপন শুরু করল পশ্চিমবঙ্গ ডাক বিভাগ (West Bengal Postal Circle) । ডাক পরিষেবার আধুনিকীকরণ, প্রযুক্তির ব্যবহার এবং নাগরিকদের কাছে আরও দ্রুত ও উন্নত পরিষেবা পৌঁছে দেওয়াই এ বছরের কর্মসূচির মূল লক্ষ্য। সপ্তাহব্যাপী এই কর্মসূচির এ বছরের প্রতিপাদ্য ‘ওয়ার্ল্ড পোস্ট ডে: ওয়ান পোস্টাল নেটওয়ার্ক, ইনফিনিট পসিবিলিটিজ।

আরও পড়ুন: সরকারি কর্মীদের জমা দিতে হবে স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড, জারি নির্দেশিকা

জাতীয় ডাক সপ্তাহের উদ্বোধন উপলক্ষে কলকাতার টাউন হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পশ্চিমবঙ্গের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার জানান, রাজ্যে ইতিমধ্যেই পাঁচটি ‘নেক্সট জেনারেশন’ ডাকঘর চালু হয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে ডাক পরিষেবাকে আরও সহজ, দ্রুত ও জনমুখী করে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা পৌঁছে দিতেও রাজ্য সরকারের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নিয়েছে ডাক বিভাগ। এই প্রকল্পে উপভোক্তাদের ই-কেওয়াইসি সম্পন্ন করা এবং তাঁদের বাড়িতে কার্ড পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকারের সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানান অশোক কুমার।

পাশাপাশি, আধার পরিষেবার পরিধি বাড়ানো, দ্রুতগতির স্পিড পোস্ট পরিষেবা আরও উন্নত করা এবং সৌরশক্তি প্রকল্প সংক্রান্ত তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও ডাক বিভাগ উদ্যোগী হয়েছে। প্রযুক্তিনির্ভর পরিষেবা সম্প্রসারণের মাধ্যমে শহর ও গ্রাম—উভয় এলাকার মানুষের কাছে ডাক বিভাগের পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

জাতীয় ডাক সপ্তাহ উপলক্ষে আগামী কয়েক দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। ১২ অক্টোবর ডাকটিকিট দিবস, ১৩ অক্টোবর আর্থিক অন্তর্ভুক্তি দিবস, ১৪ অক্টোবর মেল ও পার্সেল দিবস এবং ১৫ অক্টোবর প্রযুক্তি ও উদ্ভাবন দিবস পালন করা হবে। ঐতিহ্যবাহী ডাক পরিষেবাকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাই জাতীয় ডাক সপ্তাহের কর্মসূচির মাধ্যমে তুলে ধরতে চাইছে পশ্চিমবঙ্গ ডাক বিভাগ।