“এটা কোনও ভোট হয়েছে যে, ফল নিয়ে বলব। এরা ঠিক মতো ছাপ্পাও মারতে পারে না!” রাজ্যের দুই উপনির্বাচনে বিজেপির (BJP) ফল নিয়ে তীব্র কটাক্ষ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফের ছাপ্পা ভোটের অভিযোগ তুলে মমতা বলেন, ”তার মানে পুলিশকে দিয়ে ছাপ্পা করালে এরকমই হয়।”

শুক্রবারই নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। দু জায়গাতেই পদ্ম ফুটেছে। তার পরেই দিল্লিতে (Delhi) রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে ‘ইন্ডিয়া’র বৈঠকের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই ফল নিয়ে তীব্র নিশানা করেন বাংলার বর্তমান শাসকদল ও সরকারকে। তার আগেই নবান্ন থেকে উপনির্বাচনের ফল নিয়ে বিস্তারিত সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই কথার প্রসঙ্গে একরাশ বিরক্তি উগরে মমতা বলেন, “আরে ছাড়ুন, আরে ছাড়ুন ছাড়ুন। মাথাটা আগে ঠিক করতে বলুন।”

নন্দীগ্রামে শুভেন্দুর ছাড়া আসনে জিতেছেন তাঁর নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারভ সরকার জিতেছেন ৭২ হাজারের বেশি ভোটে। শুভেন্দু দাবি করেন, সংখ্যালঘুদের সঙ্গে তাঁদের “ফ্রেন্ডশিপ বন গয়া”। সেই দাবি উড়িয়ে মমতা বলেন, ভোটই হয়নি। শুধু ছাপ্পা।